সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু


Saimoon Islam প্রকাশের সময় : জুন ১৩, ২০২৬, ১০:০৬ অপরাহ্ন / ১০০০
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু

সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) বিকেলে বার্মা স্ট্যান্ড সংলগ্ন নাভানা সিটির সামনে দক্ষিণ কদমতলী কাশেমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন মো. রাশেদুজ্জামান (২২), মো. গালিব (১৮) ও মোসা. সুরাইয়া (১২)। ফায়ার সার্ভিসের ডুবুরি দল কয়েক ঘণ্টার উদ্ধার অভিযান চালিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে রাশেদুজ্জামান, তাঁর শ্যালক গালিব ও শ্যালিকা সুরাইয়া ডিএনডি লেকে গোসল করতে নামেন। একপর্যায়ে তাঁরা পানিতে তলিয়ে যান। পরে তাঁদের খুঁজে না পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন।

 

খবর পেয়ে নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। কয়েক ঘণ্টার চেষ্টায় প্রথমে রাশেদুজ্জামান ও গালিবের মরদেহ উদ্ধার করা হয়। পরে সুরাইয়ার মরদেহও উদ্ধার করা হয়।

 

সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, তিনজনই সাঁতার জানতেন। তারপরও কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

 

নিহত রাশেদুজ্জামানের বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা-এর মনাগ গ্রামে। তাঁর বাবার নাম দেলোয়ার। স্বজনরা জানান, জীবিকার তাগিদে কাজের সন্ধানে তিনি গত সপ্তাহে ঢাকায় এসেছিলেন।

 

অন্যদিকে গালিব ও সুরাইয়ার বাড়ি কালিয়া উপজেলা-এর রঘুনাথপুর গ্রামে। তাঁদের বাবা আকরাম। বর্তমানে তাঁরা দক্ষিণ কদমতলী কাশেমপাড়ায় অ্যাডভোকেট জালাল সাহেবের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

 

পুলিশ জানিয়েছে, উদ্ধার অভিযান শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।