নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান হলেন রাজীব


Saimoon Islam প্রকাশের সময় : জুন ১২, ২০২৬, ৩:১১ অপরাহ্ন / ১০০০
নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান হলেন রাজীব

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান হলেন রাজীব

 

 

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব। আগামী এক বছরের জন্য তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (১১ জুন) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।

 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর ধারা ৮(১) অনুযায়ী মাসুকুল ইসলাম রাজীবকে চেয়ারম্যান (গ্রেড-২) পদে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে। তবে দায়িত্ব গ্রহণের আগে তাকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্মসম্পর্ক পরিত্যাগ করতে হবে।

 

রাজীব দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের রাজনীতিতে সক্রিয়। তিনি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্রজীবনে তিনি তোলারাম কলেজ ছাত্র সংসদের ভিপি ছিলেন এবং পরবর্তীতে জেলা ছাত্রদলের সভাপতির দায়িত্বও পালন করেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও সাংগঠনিক বিভিন্ন কর্মকাণ্ডেও তার সম্পৃক্ততা রয়েছে।

 

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ শহর ও আশপাশের এলাকার পরিকল্পিত উন্নয়ন, আবাসন, অবকাঠামো নির্মাণ এবং নগর ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করে থাকে। ফলে সংস্থাটির চেয়ারম্যান পদটি স্থানীয় উন্নয়নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়।

 

রাজীবের নিয়োগের খবরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উচ্ছাস দেখা গেছে। তারা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বে তিনি নারায়ণগঞ্জের পরিকল্পিত উন্নয়ন ও নাগরিক সুবিধা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবেন।