চেয়ারম্যান প্রার্থী আলী হোসেনকে হুমকি ও অপপ্রচারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ ও সংবাদ সম্মেলন 


Saimoon Islam প্রকাশের সময় : মে ১৯, ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন / ১০০০
চেয়ারম্যান প্রার্থী আলী হোসেনকে হুমকি ও অপপ্রচারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ ও সংবাদ সম্মেলন 

চেয়ারম্যান প্রার্থী আলী হোসেনকে হুমকি ও অপপ্রচারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ ও সংবাদ সম্মেলন

 

বন্দর উপজেলার মুসাপুর ইউনিয়নে জমি দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন মুসাপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আলী হোসেন। একই ঘটনায় তার ছেলে মাহাবুবুর রহমান বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

অভিযোগ সূত্রে জানা যায়, বন্দর থানাধীন বারপাড়া মৌজার একটি জমি ক্রয় ও ভোগদখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে একটি পক্ষের সঙ্গে বিরোধ চলে আসছে।

 

অভিযোগকারী মাহাবুবুর রহমান জানান, তারা বৈধভাবে জমি ক্রয় করে ভোগদখলে থাকলেও প্রতিপক্ষ বিভিন্ন সময় লোকজন নিয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালায়। এ ঘটনায় আদালতে মামলাও বিচারাধীন রয়েছে বলে তিনি দাবি করেন।

 

লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি বিরোধপূর্ণ জমিতে প্রতিপক্ষ পুনরায় কাজ শুরু করলে বাধা দিতে গেলে অভিযোগকারীদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে।

 

এদিকে ঘটনার প্রতিবাদ ও নিজেদের অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলন করেন চেয়ারম্যান প্রার্থী আলী হোসেন। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক ও সামাজিকভাবে তাকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

 

স্থানীয় সূত্র জানায়, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

 

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনাস্থলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।