সিদ্ধিরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া পিস্তল ও গুলি উদ্ধার 


Saimoon Islam প্রকাশের সময় : এপ্রিল ২৯, ২০২৬, ২:২০ অপরাহ্ন / ১০০০
সিদ্ধিরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া পিস্তল ও গুলি উদ্ধার 

সিদ্ধিরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া পিস্তল ও গুলি উদ্ধার

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে সিদ্ধিরগঞ্জের আরপিও ওয়াবদা কলোনি এলাকার পরিত্যক্ত মনোয়ারা জুট মিলের প্রবেশপথসংলগ্ন ঝোপঝাড় থেকে এসব উদ্ধার করা হয়।

 

র‌্যাব-১১ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে কসটেপে মোড়ানো একটি সন্দেহজনক বস্তু উদ্ধার করা হয়।

 

পরে মোড়ক খুলে একটি ৭.৬২ সেমি অটোমেটিক ৫৪ চায়না পিস্তল এবং ১২ বোর শর্টগানের এক রাউন্ড কার্তুজ পাওয়া যায়। এগুলো জব্দতালিকা করে জব্দ করা হয়েছে।

 

র‌্যাবের দাবি, উদ্ধার হওয়া অস্ত্রটি জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হয়েছিল।

 

উদ্ধার করা অস্ত্র ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

র‌্যাব-১১ জানায়, অস্ত্র ও মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে তাদের অভিযান চলবে।