

টানা বৃষ্টিতে খাগড়াছড়ির দীঘিনালায় আবার বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) রাতের ভারী বৃষ্টিতে উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে পানি উঠে গেছে।
স্থানীয়রা জানান, রাতভর বৃষ্টির পর দীঘিনালা-মাইনী-লংগদু সড়কের বিভিন্ন অংশ পানিতে তলিয়ে যায়। একইভাবে বাগেরহাট-সাজেক ও কবাখালী সড়কের কয়েকটি স্থানেও পানি উঠে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। ফলে যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলাচলে দেখা দিয়েছে ভোগান্তি।
বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দ্রুত সরকারি সহায়তা পৌঁছানো এবং সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এর আগে, গত শুক্রবার মধ্যরাতের বৃষ্টিতে চেঙ্গী ও মাইনি নদীর পানি বেড়ে নিচু এলাকা প্লাবিত হয়। দীঘিনালা-মেরুং সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় যান চলাচল ব্যাহত হয়। আমনের ক্ষেত তলিয়ে যায়। নিরাপদ আশ্রয়ের খোঁজে অনেক পরিবার স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয় নেন।
খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, বারবার বন্যার হাত থেকে দীঘিনালা উপজেলা বাসীদের রক্ষা পেতে নদীর নাব্যতা ফিরিয়ে দিতে পানি উন্নয়ন বোর্ডসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি। বন্যায় যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য সরকারি সহযোগিতা অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :