

পাঁচ দিনের অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় তিনি ঢাকায় পৌঁছান।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি ও অধ্যাপক মুজিবুর রহমান এমপি, সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, মোবারক হোসাইন, নূরুল ইসলাম বুলবুল এমপি ও মো. সেলিম উদ্দিনসহ সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
সফরকালে জামায়াত আমির অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয় এবং দুই দেশের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদারের আশাবাদ ব্যক্ত করা হয়। এ ছাড়া তিনি প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। এসব অনুষ্ঠানে প্রবাসীরা দেশের উন্নয়নে আরও বেশি অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিরোধীদলীয় নেতা অস্ট্রেলিয়া সফর সম্পন্ন করলেও পূর্বনির্ধারিত মালয়েশিয়া সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন।
সফরে তার সঙ্গী হিসেবে ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. খালিদুজ্জামান, জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এমপি এবং বিরোধীদলীয় নেতার একান্ত সহকারী সচিব (এপিএস) মুহাম্মদ নজরুল ইসলাম।
এর আগে গত ২০ নভেম্বর রাত ১২টা ৫০ মিনিটে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিলেন ডা. শফিকুর রহমান।
আপনার মতামত লিখুন :