মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ওভারব্রিজ থেকে পেট্রোল বোমা নিক্ষেপ


Saimoon Islam প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২৬, ১২:৩১ অপরাহ্ন / ১০০০
মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ওভারব্রিজ থেকে পেট্রোল বোমা নিক্ষেপ

টাঙ্গাইলের মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই-হাটুভাঙা সড়কের ওভারব্রিজ থেকে নিচে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়।

বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই হাইওয়ে থানাসংলগ্ন এলাকায় এ দুটি ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পুলিশের প্রাথমিক ধারণা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে এসব নাশকতার ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। তবে এসব ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পরপরই পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেন।

এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়লে গোড়াই ওভারব্রিজের নিচে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন। এ সময় তারা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শাহ আলম এবং গোড়াই ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হাবিব শেখের নেতৃত্বে নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান নেন।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, রাতের অন্ধকারে চলন্ত যানবাহন থেকে দুষ্কৃতকারীরা পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর চেষ্টা চলছে। এ ঘটনায় এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।