

নবীনগর-চন্দ্রা মহাসড়কে আশুলিয়ার ডিইপিজেড এলাকায় পার্কিং করে রাখা একটি খালি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের নতুন জোনের (ডিইপিজেড) প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। সকালে ইপিজেড ফায়ার স্টেশনের লিডিংম্যান সুব্রত বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটের দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা নতুন ইপিজেডের প্রধান ফটকের সামনে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি খালি ট্রাকে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এরপর ভোর ৪টা ৫২ মিনিটে ফায়ার সার্ভিসের কাছে অগ্নিকাণ্ডের সংবাদ আসে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরীর নেতৃত্বে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ও প্রায় ১০ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
লিডিংম্যান সুব্রত জানান, ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক তৎপরতার কারণে পুরো ট্রাকটি পুড়ে যাওয়া থেকে রক্ষা পায়। আগুনে ট্রাকটির আংশিক ক্ষতি হয়েছে। এতে আনুমানিক ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও প্রায় ২০ লাখ টাকার সম্পদ উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়া এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আপনার মতামত লিখুন :