হত্যার আধঘণ্টা পর ঘটনাস্থলে এসে যুবক বললেন, ‘আমি মেরেছি’


Saimoon Islam প্রকাশের সময় : নভেম্বর ১৭, ২০২৬, ১২:৪২ অপরাহ্ন / ১০০০
হত্যার আধঘণ্টা পর ঘটনাস্থলে এসে যুবক বললেন, ‘আমি মেরেছি’

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নারীকে কেন্দ্র করে বিরোধের জেরে মো. রনি (৪১) নামে এক মাইক্রোবাস চালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

 

রোববার (১৫ নভেম্বর) ভোর ৬টার দিকে নাসিকের ১নং ওয়ার্ডের মিজমিজি তারা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের প্রায় আধা ঘণ্টা পর ঘটনাস্থলে ফিরে স্থানীয়দের সামনে হত্যার দায় স্বীকার করেন অভিযুক্ত আল আমিন। পরে স্থানীয় লোকজন তাকে গণপিটুনি দিয়ে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

 

 

নিহত রনি ওই এলাকার বাসিন্দা আলী হোসেনের ছেলে। অভিযুক্ত আল আমিন একই এলাকার আব্দুল আলীর ছেলে।

 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে মিজমিজি তারা মার্কেট এলাকায় রাস্তা দিয়ে যাচ্ছিলেন রনি। এ সময় সেখানে উপস্থিত এক নারীকে কেন্দ্র করে আল আমিনের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। ওই নারীকে নিয়ে প্রশ্ন করা এবং কথাবার্তার একপর্যায়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আল আমিন ধারালো ছুরি দিয়ে রনিকে শরীরের বিভিন্নস্থানে উপর্যুপরি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। স্থানীয়দের দাবি, রনির শরীরের বিভিন্নস্থানে অন্তত ২০ থেকে ২২টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

 

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দারা জানান, হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে চলে যান আল আমিন। প্রায় ৩০ মিনিট পর আবার সেখানে ফিরে উপস্থিত লোকজনের সামনে নিজেই রনিকে হত্যার কথা স্বীকার করেন। এ সময় স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেন। তাদের ভাষ্য, আল আমিনকে দেখে নেশাগ্রস্ত মনে হয়েছে। কয়েক দিন ধরেই রনির সঙ্গে তার বিরোধ চলছিল বলেও স্থানীয়ভাবে জানা গেছে।

 

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ওলিউল্লাহ বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে রনির মরদেহ উদ্ধার করেছে। অভিযুক্ত আল আমীনকে আটক করে থানায় রাখা হয়েছে। তিনি হত্যার কথা স্বীকার করেছেন। হত্যায় ব্যবহৃত ছুরিটি কোথায় ফেলে দিয়েছেন, সে তথ্যও পাওয়া গেছে। সেটি উদ্ধারে পুলিশ কাজ করছে।

 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক এশিয়া পোস্টকে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, রাস্তায় চলার পথে এক নারীর সঙ্গে রনি খারাপ আচরণ করেছিলেন বলে দাবি করেছেন আল আমিন। এর প্রতিবাদ করলে রনি তাকে মারধর করেন। এতে ক্ষিপ্ত হয়ে তিনি রনিকে ছুরিকাঘাত করেন বলে জানিয়েছেন। তবে অভিযুক্তের কথাবার্তায় কিছুটা অসংলগ্নতা রয়েছে। তার দেওয়া বক্তব্য যাচাই করে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।