ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৮৪


Saimoon Islam প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২৬, ১২:২০ অপরাহ্ন / ১০০০
ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৮৪

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৫২টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে ইয়াবা, গাঁজা, ককটেল, দেশীয় অস্ত্র ও ৪৩টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানিয়েছেন। এর আগে বুধবার (১১ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মো. আকতার হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১২৭ জন রয়েছেন। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৭৬ জন, মতিঝিল বিভাগে ৫৯ জন, উত্তরা বিভাগে ৫১ জন, লালবাগ বিভাগে ৪৯ জন, গুলশান বিভাগে ৪৫ জন, ওয়ারী বিভাগে ৪০ জন এবং রমনা বিভাগে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি এসআরইউ তিনজন এবং গোয়েন্দা (ডিবি) বিভাগ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে একটি চাইনিজ কুড়াল, চারটি তাজা ককটেল, ককটেলের ১১টি বিস্ফোরিত অংশ এবং নিষ্ক্রিয় করা দুটি ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়। এ ছাড়া ৪ হাজার ২৮২টি ইয়াবা, ১০ কেজি ৬২০ গ্রাম গাঁজা ও ৪৩টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।