আমেরিকায় প্রকাশ্য সভায় শামীম ওসমান


Saimoon Islam প্রকাশের সময় : অগাস্ট ১০, ২০২৬, ১২:১৪ অপরাহ্ন / ১০০০
আমেরিকায় প্রকাশ্য সভায় শামীম ওসমান

আমেরিকায় প্রকাশ্য সভায় শামীম ওসমান

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান সপরিবারে দেশ ছেড়ে আত্মগোপনে চলে যান। এরপর তাকে কয়েকটি দেশে দেখতে পাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে, প্রায় দুই বছর পর প্রকাশ্য কোনো সভায় দেখা গেছে মানবতাবিরোধী অপরাধসহ শতাধিক হত্যা মামলায় অভিযুক্ত এ আওয়ামী লীগ নেতাকে।

 

রোববার (৯ আগস্ট) সকালে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক সভায় উপস্থিত ছিলেন শামীম ওসমান। তিনি কেবল উপস্থিতই ছিলেন না, বক্তব্যও রেখেছেন সেখানে।

 

স্থানীয়দের ভাষ্যমতে, বিগত আওয়ামী লীগের শাসনামলে শামীম ওসমান ছিলেন নারায়ণগঞ্জে ‘ত্রাসের নাম’। তিনি এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অসংখ্য খুন, গুম, নির্যাতন, দখল ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এত অভিযোগ থাকলেও তিনি আওয়ামী লীগের মনোনয়নে চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। তার দুই ভাইও ছিলেন সংসদ সদস্য।

২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় ১৯ জুলাই নিজের সন্ত্রাসী বাহিনীর সঙ্গে শামীম ওসমানকে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র হাতে দেখা যায়। ওইদিন ছাত্র-জনতার উপর শামীম ওসমান ও তার পরিবারের সদস্য এবং অনুসারীরা মুহুর্মুহু গুলি ছোড়েন বলেও জানান প্রত্যক্ষদর্শীরা। এদিনই বাড়ির ছাদে খেলার সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান ৬ বছর বয়সী শিশু রিয়া গোপ।

 

আন্দোলনের মুখে সরকার পতনের একদিন আগেও শামীম ওসমানকে রাজধানীর দলীয় কার্যালয়ে দেখা যায়। কিন্তু পরদিন সরকারের পতন হলে তিনি তার পরিবারসহ আত্মগোপনে চলে যান। পরে জানা যায়, তিনি বিদেশে চলে গেছেন। বিভিন্ন সময় তাকে সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়াতে দেখতে পাওয়ার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে।

 

এদিকে, আওয়ামী লীগ সরকারের পতনের পর জুলাই আন্দোলনের সময় সহিংসতার ঘটনায় তদন্ত শুরু হলে নারায়ণগঞ্জে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার ঘটনায় শামীম ওসমান, তার ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমান ও ঘনিষ্ঠ অনুসারীসহ ১২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়। ওই অভিযোগের বিচার কার্যক্রমও ইতোমধ্যে শুরু হয়েছে। শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি রয়েছে। তাদের ‘পলাতক’ হিসেবে পত্রিকায় বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে।

 

কাগজপত্রে ‘পলাতক’ দেখানো হলেও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক এ সংসদ সদস্যের নিউইয়র্কে প্রকাশ্য সভায় উপস্থিতি ও বক্তব্য নিয়ে নারায়ণগঞ্জের রাজনৈতিক ও নাগরিক মহলে সমালোচনা চলছে। শামীম ওসমান ও তার বাহিনীর সদস্যদের গ্রেপ্তারের দাবিও উঠেছে।