জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি: গাজী আতাউর রহমান


Saimoon Islam প্রকাশের সময় : জুলাই ২৪, ২০২৬, ২:২৬ অপরাহ্ন / ১০০০
জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি: গাজী আতাউর রহমান

ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, চব্বিশের অভ্যুত্থানের মধ্য দিয়ে যে প্রত্যাশা জেগে উঠেছিল, বাংলাদেশের মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা জন্ম নিয়েছিল, নির্বাচন-পরবর্তী সময়ে মানুষের সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি। আমরা রাজনীতিতে গুণগত পরিবর্তন, সুশাসন, ন্যায়বিচার, ইনসাফ ও বৈষম্যহীন সমাজ চেয়েছিলাম; কিন্তু আমরা তা দেখতে পাচ্ছি না।

 

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গাজী আতাউর রহমান। জেলা শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় দলীয় কার্যালয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়।

 

গাজী আতাউর রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারসহ নানা প্রতিশ্রুতি দিয়েছিল। সংস্কারের জন্য একটি সনদ করা হলো, সেই সনদে স্বাক্ষরও করলাম, নির্বাচনও অনুষ্ঠিত হলো; কিন্তু নির্বাচনের পর আমরা কী দেখলাম? কোথাও কোনো পরিবর্তন নেই, তারাও (বিএনপি) নিজেরা সংশোধিত হয়নি। ঘুষ-দুর্নীতির কোনো পরিবর্তন হয়নি, আগের মতোই রয়ে গেছে। বরং চাঁদাবাজি আগের চেয়েও বেড়েছে। চাঁদাবাজি, মাস্তানি, দখলদারি, সন্ত্রাস, নৈরাজ্য, জেনা-ব্যভিচার, ধর্ষণ ও লুটপাট—সব আগের মতোই চলছে।

 

তিনি বলেন, আমরা জুলাই আন্দোলনে অংশ নিয়েছি, জীবনের ঝুঁকি নিয়ে গুলির মুখে আমাদের নেতাকর্মীরা রাজপথে ছিল, শাহাদাত বরণ করেছে। কিন্তু যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা জুলাই অভ্যুত্থান করে সরকার পতন ঘটিয়েছি, তা বাস্তবে রূপ নেয়নি। আদর্শিক ও নীতির পরিবর্তন না ঘটিয়ে কেবল ক্ষমতার পরিবর্তন করলে মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না, সুশাসন প্রতিষ্ঠা হবে না। এর জন্য সাংবিধানিক ও নীতিগত পরিবর্তন প্রয়োজন।

বিএনপির সমালোচনা করে ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, আপনারা জুলাই সনদে স্বাক্ষর করেছেন। জুলাই সনদের পক্ষে ৭০ শতাংশ মানুষ ভোট দিয়েছে, গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়েছে। জনগণের এই গণরায়ের প্রতি যদি আপনাদের শ্রদ্ধা না থাকে, তবে আপনাদের পরিণতিও আওয়ামী লীগের মতো হবে। জনগণের প্রতি আপনাদের যে কমিটমেন্ট রয়েছে, তা দ্রুত বাস্তবায়ন করুন।

 

লক্ষ্মীপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মুহাম্মদ মহি উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় উপদেষ্টা আল্লামা খালেদ সাইফুল্লাহ।

 

বিশেষ অতিথি ছিলেন দলটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুফতি শেখ মুহা. সাইফুল ইসলাম, লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা হেলাল উদ্দিনসহ স্থানীয় নেতারা।