নারায়ণগঞ্জ-০৪ আসনে গিয়াসউদ্দিনকে এমপি হিসেবে দেখতে চাই -হাসান আলী


Saimoon Islam প্রকাশের সময় : নভেম্বর ১৮, ২০২৫, ৯:৫৫ অপরাহ্ন / ১০০০
নারায়ণগঞ্জ-০৪ আসনে গিয়াসউদ্দিনকে এমপি হিসেবে দেখতে চাই -হাসান আলী

নারায়ণগঞ্জ-০৪ আসনে আলহাজ্ব গিয়াসউদ্দিনকেই এমপি হিসেবে দেখতে চাই বলে মন্তব্য করেছেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আলী।

এ সময় তিনি আরো বলেন,
বর্তমান সময়ে সাধারণ মানুষ যেমন রাজনীতিতে সচেতন, তেমনি অতীত দেড় দশকের আওয়ামী লীগের দুঃশাসনের চিত্রও সবার সামনে স্পষ্ট।

তিনি বলেন, “বিগত বছরগুলোতে বিএনপি করার কারণে অনেকেই মামলার শিকার হয়েছে, বাড়ি ছাড়া হয়েছে। আবার কেউ কেউ বিএনপি করেও বিরুদর্পে চলেছে। অনেকে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করেও সুবিধা নিয়েছে। অথচ জননেতা গিয়াস উদ্দিন অর্ধশতাধিক মামলা মোকাবিলা করেছেন, জেল খেটেছেন, এমনকি নিজের স্ত্রীর জানাজায়ও উপস্থিত থাকতে পারেননি।”

তিনি অভিযোগ করে বলেন, এখন যখন দেশে নির্বাচনী পরিবেশ তৈরি হচ্ছে সেই সময় অনেক সুবিধাবাদী নেতা এমপি হওয়ার প্রতিযোগিতায় নেমেছে। তারা নাকি টাকা দিয়ে মনোনয়ন এনে ফেলবে বলেও দাবি করছে। এ সময় তিনি স্পষ্ট করে বলেন, “বিএনপি এখনো দেউলিয়া হয়ে যায়নি যে টাকা দিলেই মনোনয়ন বিক্রি করবে।”

নারায়ণগঞ্জ-৪ আসনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “এ আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানকার এলাকা ও রাজনীতিকে সঠিক পথে আনতে গিয়াস উদ্দিনের বিকল্প নেই। আমরা তৃণমূলের নেতাকর্মীরা তাঁর নেতৃত্বে আওয়ামী লীগের বিরুদ্ধে রাস্তায় নেমে লড়াই করেছি। এসি রুমে বসে রাজনীতি করিনি।”

তৃণমূল নেতাকর্মীদের অভিন্ন দাবি উল্লেখ করে তিনি আরও বলেন, “সবকিছু বিবেচনায় নিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনে আলহাজ্ব গিয়াস উদ্দিনকেই এমপি প্রার্থী হিসেবে দেখতে চাই।”
আলীরটেক ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি জামাল সরদারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি খন্দকার মনিরুল ইসলাম, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদুল্লাহ, সহ-সভাপতি লোকমান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আখতার, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মইনুল হোসেন রতন, ফতুল্লা থানা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বিপ্লব, বক্তা বলি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবুল খায়ের, আলীর টেক ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন প্রমুখ।