সন্ধ্যার পর স্কুলশিক্ষার্থীদের অযথা ঘোরাফেরা করলে ব্যবস্থা: এমপি মান্নান


Saimoon Islam প্রকাশের সময় : জুলাই ২৮, ২০২৬, ৫:৩৩ অপরাহ্ন / ১০০০
সন্ধ্যার পর স্কুলশিক্ষার্থীদের অযথা ঘোরাফেরা করলে ব্যবস্থা: এমপি মান্নান

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, বিগত বছরগুলোতে নারায়ণগঞ্জের মধ্যে সোনারগাঁয়ের শিক্ষার মান প্রশ্নবিদ্ধ ছিল। শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি ও পড়াশোনায় মনোযোগী করতে শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে খেলাধুলার ওপরও সমান গুরুত্ব দিতে হবে, যাতে যুবসমাজ মাদক থেকে দূরে থাকে।

 

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার পর কোনো স্কুলপড়ুয়া শিক্ষার্থীকে অযথা রাস্তায় ঘোরাফেরা করতে দেখা যাবে না। প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

এমপি মান্নান আরও বলেন, বর্তমান সরকার নতুন প্রজন্মকে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করছে। সেই লক্ষ্য বাস্তবায়নে সোনারগাঁয়ও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া অচিরেই সোনারগাঁ স্টেডিয়ামকে নারায়ণগঞ্জ জেলার অন্যতম আধুনিক ও সেরা স্টেডিয়ামে রূপান্তর করা হবে।

 

একই দিন দুপুরে উপজেলার সোনারগাঁও পৌরসভার গোয়ালদী এলাকায় প্রায় ৭৫ লাখ টাকা ব্যয়ে একটি নতুন কালভার্ট ও আরসিসি ড্রেন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

 

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান ও প্রস্তুতিমূলক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন সোনারগাঁও পৌরসভার নির্বাহী কর্মকর্তা মাসুদ আলম, সহকারী প্রকৌশলী তানভীর আহমেদ, উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

Share