তৃতীয় দিনে আন্দোলন : নারায়ণগঞ্জে আবারও পুলিশ পোশাক শ্রমিক সংঘর্ষ


Saimoon Islam প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২৬, ২:৪৫ অপরাহ্ন / ১০০০
তৃতীয় দিনে আন্দোলন : নারায়ণগঞ্জে আবারও পুলিশ পোশাক শ্রমিক সংঘর্ষ

তৃতীয় দিনে আন্দোলন : নারায়ণগঞ্জে আবারও পুলিশ পোশাক শ্রমিক সংঘর্ষ

 

 

নারায়ণগঞ্জে আবারও পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মজুরি বৃদ্ধির দাবিতে টানা তৃতীয় দিনের মতো পোশাকশ্রমিকদের আন্দোলন চলছে। আজ বুধবার সকালে সদর উপজেলার ফতুল্লা থানার কাঠেরপুল এলাকায় শ্রমিকরা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করার জন্য জড়ো হলে পুলিশ বাধা দেয়। লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিয়ে তাদের লিংক রোডে উঠতে দেয়নি।

 

 

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টা থেকেই কাঠেরপুল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকরা আগের দুই দিনের মতোই ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধের উদ্দেশ্যে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারগ্যাস ও রাবার বুলেট ছোড়ে।

 

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। বিস্তারিত পরে জানানো হবে।

 

 

 

এর আগে গত সোমবার পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে ফতুল্লার কয়েকটি কারখানার শ্রমিকেরা আন্দোলন শুরু করেন। শিবু মার্কেট এলাকায় বিক্ষোভ থেকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করা হলে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। ওই দিন সড়কের বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

 

গতকাল মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো শ্রমিকেরা সড়কে নামলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। দুপুরে শিবু মার্কেট এলাকায় জড়ো হওয়া শ্রমিকেরা পরে জালকুড়ি এলাকায় গেলে বিকেল সোয়া ৪টার দিকে পুলিশ ও বিজিবির সঙ্গে সংঘর্ষ শুরু হয়। প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও টিয়ারশেল ছোড়ার ঘটনা ঘটে। এ ঘটনায় ছয় শ্রমিককে গ্রেপ্তার করা হয়। এদিন কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

 

সন্ধ্যার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।