আড়াইহাজারে বিদেশি পিস্তল উদ্ধার, উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার


Saimoon Islam প্রকাশের সময় : অক্টোবর ১৭, ২০২৬, ৩:৩৮ অপরাহ্ন / ১০০০
আড়াইহাজারে বিদেশি পিস্তল উদ্ধার, উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

আড়াইহাজারে বিদেশি পিস্তল উদ্ধার, উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার এজাহারনামীয় আসামি ও আড়াইহাজার উপজেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম শরীফের (৩১) দেখানো মতে একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে থানা পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর ২০২৬ তারিখে শফিকুল ইসলাম শরীফকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাঁর হেফাজতে অবৈধ অস্ত্র থাকার তথ্য পায় পুলিশ।

 

এরই ধারাবাহিকতায় ১৬ অক্টোবর ভোর ৪টা ৫৫ মিনিটে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ মো. সবজেল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল তাঁকে নিয়ে উপজেলার কৃষ্ণপুরা এলাকায় তাঁর বসতবাড়িতে অভিযান চালায়।

 

এ সময় তাঁর দেখানো মতে বসতঘরের উত্তর পাশের একটি সরু জায়গায় বিশেষভাবে লুকিয়ে রাখা পলিথিনের ভেতর থেকে কাঠের বাটযুক্ত, খালি ম্যাগাজিনসহ একটি সিলভার রঙের বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পরে পুলিশ অস্ত্রটি জব্দ তালিকামূলে জব্দ করে।

 

এ ঘটনায় শফিকুল ইসলাম শরীফের বিরুদ্ধে অস্ত্র আইন, ১৮৭৮-এর ১৯(এ) ধারায় মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়।

 

পুলিশের তথ্য অনুযায়ী, শফিকুল ইসলাম শরীফ আড়াইহাজার উপজেলা ছাত্রলীগের সভাপতি এবং বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত একটি হত্যা মামলার এজাহারনামীয় আসামি।