

জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদের সঙ্গে জেলা মৎস্যজীবী দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নারায়ণগঞ্জ জেলার নেতৃবৃন্দ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে রাজপথের সম্মুখসারির সংগঠন হিসেবে মৎস্যজীবী দলের বিভিন্ন বিষয় নিয়ে নেতৃবৃন্দের মধ্যে আলোচনা হয়।
সাক্ষাতে বিশেষভাবে মাদক নির্মূল, সমাজের দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো, মসজিদ-মাদ্রাসার উন্নয়নসহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করে আসা মৎস্যজীবী দলের নেতাকর্মীদের প্রতি সুদৃষ্টি দেওয়ার বিষয়েও আলোচনা করেন নেতৃবৃন্দ।
এ সময় জেলা মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ তাদের বিভিন্ন প্রস্তাব ও প্রত্যাশার কথা অধ্যাপক মামুন মাহমুদের কাছে তুলে ধরেন। তিনি এসব প্রস্তাব সাদরে গ্রহণ করেন এবং জনকল্যাণমূলক কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি মুন্সী মো. শাহজালাল বলেন, “আমরা দীর্ঘদিন ধরে রাজপথে থেকে দলের জন্য কাজ করে আসছি। সমাজ থেকে মাদক নির্মূল, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং মসজিদ-মাদ্রাসার উন্নয়নে কাজ করার বিষয়ে আমরা আলোচনা করেছি। পাশাপাশি দীর্ঘদিনের ত্যাগী মৎস্যজীবী দলের নেতাকর্মীদের বিষয়েও জেলা বিএনপির আহ্বায়কের সুদৃষ্টি কামনা করেছি। তিনি আমাদের প্রস্তাবগুলো আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছেন।”
সাক্ষাতে নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :