আমাকে দমানো সহজ নয় : বাঁধন


Saimoon Islam প্রকাশের সময় : সেপ্টেম্বর ৮, ২০২৬, ১:৩৮ অপরাহ্ন / ১০০০
আমাকে দমানো সহজ নয় : বাঁধন

 

আমাকে দমানো সহজ নয় : বাঁধন

 

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও শারীরিক হেনস্তার ঘটনায় হামলাকারীদের আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মী বলে অভিযোগ করেছেন তিনি। হামলাকারীরা নিজেদের ‘বঙ্গবন্ধুর সৈনিক’ পরিচয় দিয়ে তাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে বাধ্য করার চেষ্টা করেন বলেও দাবি করেছেন এই অভিনেত্রী।

 

 

সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ১৫ মিনিটের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে এসে এসব অভিযোগ করেন বাঁধন।

 

ফেসবুক লাইভে এসে বাঁধন বলেন, ‘এখানে আমার ভাইয়ের পরিবারের সঙ্গে পার্কে গিয়েছিলাম। সেখানে একদল প্রবাসী বাঙালি ভাইয়েরা এসে আমাকে শারীরিকভাবে হেনস্তা করেছে। আমার গায়ে পানি-কোল্ডড্রিংকস ছুড়ে মেরেছে।

 

অভিনেত্রীর সঙ্গে থাকা তার ভাইয়ের ছোট বাচ্চা ভয় পেয়েছে বলে জানান তিনি। তিনি জানান, তার ভাতিজা ভয়ে চিৎকার করছিল।

 

হামলাকারীরা গায়ে হাত তুলেছে অভিযোগ করে তিনি বলেন, ‘তারা আমার ফোন কেড়ে নিয়ে ফেলে দিয়েছে এবং আমার কানের পাশে বাড়ি মেরেছে। তারা আমাকে জুলাইযোদ্ধা বলেছে। আমি অবশ্যই জুলাইযোদ্ধা। জুলাইয়ে আন্দোলনে অংশগ্রহণ করেছি।’

 

asiapost

বাঁধনের ওপর হামলার জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব

ঘটনার পর ছড়িয়ে পড়া একটি ভিডিওতেও হামলাকারীদের একজনকে বাঁধনের দিকে ইঙ্গিত করে ‘জুলাই জঙ্গি’ বলতে শোনা যায়। সেখানে তাকে ‘দেশদ্রোহী’ ও ‘জঙ্গি’ বলেও আখ্যা দেওয়া হয়।

 

আক্রমণকারীরা নিজেদের ‘বঙ্গবন্ধুর সৈনিক’ পরিচয় দিয়েছিল উল্লেখ করে তিনি আরও বলেন, ‘তারা আমাকে জোর করে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে বলেছে। সেগুলো তারা ভিডিও করছিল। লাইভ করছিল।’

 

পরিস্থিতির ভয়াবহতা বর্ণনা করে আজমেরী হক বাঁধন বলেন, ‘আমাকে দমানো সহজ নয়। আমার মনে হয়েছিল, আজকে আমাকে মেরে ফেলতে পারে।’

 

বাঁধন আরও বলেন, আওয়ামী লীগের কর্মীরা হয়তো জানেন না যে বাংলাদেশ থেকে যে সিনেমাটি নিয়ে তিনি ভেনিস চলচ্চিত্র উৎসবে গেছেন, সেটির পরিচালক রুবাইয়াত হোসেন। তার বাবাও একজন সম্মানিত মন্ত্রী ছিলেন বলে উল্লেখ করেন তিনি। রুবাইয়াত হোসেনের সঙ্গে তিনি কাজ করেছেন এবং জুলাইয়ের পরও তার সঙ্গে কাজ করেছেন বলে জানান অভিনেত্রী।

 

ঘটনার পর হামলাকারীদের এ ধরনের আচরণ থেকে বেরিয়ে আসার আহ্বান জানান বাঁধন। তার মতে, এ ধরনের অসংলগ্ন আচরণের মাধ্যমে ভবিষ্যতে নিজেদের অবস্থান পুনর্গঠন করা সম্ভব হবে না।

 

এদিকে, প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক জানিয়েছেন, বাঁধনের সঙ্গে কথা হয়েছে এবং তিনি নিরাপদে আছেন। মিলানে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তাদের সঙ্গেও তার যোগাযোগ করিয়ে দেওয়া হয়েছে।

 

তিনি আরও জানান, ভেনিসে অবস্থানরত বিএনপির নেতাকর্মীরা হামলাকারীদের শনাক্ত ও খুঁজে বের করতে ইতালিয়ান পুলিশকে সর্বোচ্চ সহযোগিতা করবেন। বাংলাদেশ কনস্যুলেটের সহযোগিতায় বুধবার এ ঘটনায় মামলা করা হবে বলেও জানান তিনি।

 

নাজমুল হক বলেন, বাংলাদেশের পক্ষের কোনো শক্তির ওপর যেখানেই আক্রমণ হোক না কেন, সেখানকার প্রচলিত আইন অনুযায়ী এর ‘দাঁতভাঙা জবাব’ দেওয়া হবে।

 

উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন আজমেরী হক বাঁধন। ওই সময় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমেও কথা বলেন তিনি। বর্তমানে ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের একটি সিনেমার প্রতিনিধিত্ব করতে ইতালিতে অবস্থান করছেন এই অভিনেত্রী।