কুমিল্লায় সালিশে নারীকে জুতাপেটা ইউপি চেয়ারম্যানের


Saimoon Islam প্রকাশের সময় : অগাস্ট ১৯, ২০২৬, ২:০৪ অপরাহ্ন / ১০০০
কুমিল্লায় সালিশে নারীকে জুতাপেটা ইউপি চেয়ারম্যানের

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রাম্যসালিশে এক নারীকে প্রকাশ্যে জুতাপেটা করার অভিযোগ উঠেছে মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিনের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে

বুধবার (১৯ আগস্ট) সকালে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এর আগে সোমবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার মাধবপুর ইউনিয়নের বলাকিয়া গ্রামে পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে আয়োজিত সালিশ বৈঠকে ঘটনাটি ঘটে।

 

ভিডিওতে দেখা যায়, গ্রামের বহু মানুষের উপস্থিতিতে এক নারীর চুলের খোঁপা ধরে জুতা দিয়ে পেটাচ্ছেন ইউপি চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান।

 

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, মাধবপুর ইউনিয়নের চারিপাড়া গ্রামের বিল্লাল হোসেন নামে এক সবজি বিক্রেতার সঙ্গে ওই নারীর পরকীয়ার সম্পর্ক রয়েছে—এমন অভিযোগে স্থানীয় লোকজন তাদের আটক করে। পরে এ ঘটনা নিষ্পত্তিতে সোমবার বিকেলে বলাকিয়া গ্রামে সালিশ বৈঠক বসে। সালিশে নারী ও অভিযুক্ত পুরুষ দুজনকেই শাস্তি দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে অভিযুক্ত পুরুষকে কী সাজা দেওয়া হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

আইন নিজের হাতে তুলে নিয়ে প্রকাশ্যে এভাবে এক নারীকে লাঞ্ছিত করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ায় ওই নারী ও তার পরিবার সামাজিক ও মানসিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

 

অবশ্য অভিযোগের বিষয়ে চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিনের দাবি, ওই নারী প্রবাসী স্বামীর সংসারে থেকে পরকীয়ায় জড়িয়েছিলেন। গভীর রাতে স্থানীয়রা তাদের হাতেনাতে ধরে ফেলে। পরদিন সালিশে উত্তেজিত জনতার হাত থেকে তাদের রক্ষা করতেই স্থানীয় মুরুব্বিদের পরামর্শে ওই ‘শাস্তি’ দেওয়া হয়।

 

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, ঘটনাটি পুলিশের নজরে এসেছে। কোনো নারীকে এভাবে হেনস্তা করার কারণ তদন্ত করে দেখা হচ্ছে এবং তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।