

সাতক্ষীরার কালিগঞ্জে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে তানজিম হাসান নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার সাহাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানজিম ওই গ্রামের মোশাররফ ঢালীর ছেলে।
নিহত শিশুর বাবা মোশাররফ ঢালী জানান, রাতে তাদের সঙ্গে ঘুমে ছিল তানজিম। রাত ২টার দিকে সাপে কামড় দিলে সে চিৎকার করে কেঁদে ওঠে। তাৎক্ষণিক শিশুটির শরীরে সাপে কামড়ানোর চিহ্ন এবং বিছানার পাশে একটি বিষধর কালাচ (কাল কেউটে) সাপ দেখতে পান তারা।
শিশুটির চাচা মোস্তফা ঢালী জানান, সাপে কাটার পর প্রথমে শিশুটিকে স্থানীয় এক কবিরাজের কাছে নেওয়ার চেষ্টা করা হয়। তবে কবিরাজকে বাড়িতে না পেয়ে এবং শিশুটির শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকলে তাকে নিকটবর্তী শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ড. সাকির হোসেন জানান, শিশুটিকে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় এবং বেশ দেরিতে হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে তাৎক্ষণিক উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর (রেফার) করা হয়। তবে সেখানে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়।
তিনি আরও জানান, বিষধর সাপের কামড়ের ক্ষেত্রে বিলম্ব না করে রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে আসাই সবচেয়ে জরুরি।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাপের কামড়ের পর সঠিক সময়ে চিকিৎসকের কাছে না পৌঁছানো এবং অসচেতনতার কারণে দেরি হওয়াতেই শিশুটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :