ঢাকায় আসছেন মার্কিন নৌবহরের কমান্ডার


Saimoon Islam প্রকাশের সময় : অগাস্ট ২, ২০২৬, ৪:০৯ অপরাহ্ন / ১০০০
ঢাকায় আসছেন মার্কিন নৌবহরের কমান্ডার

তিন দিনের সফরে আগামী মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন কোহলার।

 

কূটনৈতিক সূত্র জানিয়েছে, অ্যাডমিরাল কোহলারের নেতৃত্বে ২২ সদস্যের একটি মার্কিন নৌবাহিনীর প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে।

 

সফরকালে তিনি বাংলাদেশের সামরিক ও প্রতিরক্ষা সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা, সামুদ্রিক নিরাপত্তা এবং আঞ্চলিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা, সামুদ্রিক সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে যোগাযোগ ও আলোচনা বেড়েছে। এ প্রেক্ষাপটে অ্যাডমিরাল কোহলারের সফরে প্রতিরক্ষা সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়েও মতবিনিময় হতে পারে।

অ্যাডমিরাল স্টিফেন কোহলার ২০২৪ সালের ৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ইউএস ইন্দো-প্যাসিফিক কমান্ডের অপারেশনস ডিরেক্টর, ইউএস থার্ড ফ্লিটের কমান্ডারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

 

পাশাপাশি অপারেশন ডেজার্ট স্টর্ম, ইরাকি ফ্রিডম ও ইনহেরেন্ট রিজলভসহ একাধিক সামরিক অভিযানে নেতৃত্ব দিয়েছেন।