ডেঙ্গু প্রতিরোধে লিংক রোডের সড়ক বিভাজকে পরিচ্ছন্নতা অভিযান


Saimoon Islam প্রকাশের সময় : জুলাই ১৯, ২০২৬, ৫:৩১ অপরাহ্ন / ১০০০
ডেঙ্গু প্রতিরোধে লিংক রোডের সড়ক বিভাজকে পরিচ্ছন্নতা অভিযান

বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ রোধ ও নগরীর সৌন্দর্য ফিরিয়ে আনতে নারায়ণগঞ্জের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাষাঢ়া থেকে সাইনবোর্ড পর্যন্ত সড়ক বিভাজকের বাগানে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে জেলা প্রশাসন।

 

জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নির্দেশনায় রোববার সকাল থেকে এ কার্যক্রম শুরু হয়।

 

দীর্ঘদিন অপরিচ্ছন্ন থাকায় সড়কের মাঝের বাগানটি ঝোপঝাড়ে পরিণত হয়েছিল। এতে মশার প্রজননস্থল তৈরি হওয়ার পাশাপাশি ময়লা-আবর্জনা জমে ছিল। অভিযানে আগাছা, প্লাস্টিক বর্জ্য ও অতিরিক্ত বেড়ে ওঠা ঘাস পরিষ্কার করা হয়। একই সঙ্গে ফুল ও শোভাবর্ধনকারী গাছের গোড়া পরিষ্কার, ছাঁটাই ও পরিচর্যা করা হয়।

 

জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না, একটি চারা গাছকে শিশুর মতো যত্ন করে বড় করতে হয়। ডেঙ্গু নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংস করা এখন অগ্রাধিকার। সড়কের আইল্যান্ড নিয়মিত পরিষ্কার রাখলে মশার বংশবিস্তার রোধের পাশাপাশি নগরীর সৌন্দর্যও বাড়বে।

 

তিনি বলেন, নারায়ণগঞ্জকে বাসযোগ্য ও গ্রিন-ক্লিন সিটি হিসেবে গড়ে তুলতে জেলা প্রশাসন কাজ করছে। সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদেরও যত্রতত্র ময়লা ফেলা বন্ধ করতে হবে।

 

জেলা প্রশাসক আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় জেলার সব উপজেলায় পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে।