

দেওভোগে মাদ্রাসায় উত্তেজনা, সড়ক অবরোধে জনদুর্ভোগ
নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় একটি মাদ্রাসাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার জেরে গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে রেখেছেন স্থানীয়দের একাংশ। এতে প্রায় দুই ঘণ্টার বেশি সময় ধরে ভোলাইল থেকে দেওভোগ হয়ে দুই নম্বর রেলগেট পর্যন্ত সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
স্থানীয় সূত্রে জানা যায়, দেওভোগে অবস্থিত জামিয়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল আবু তাহের জিহাদী ও ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক হেদায়েতুল্লাহ খোকনসহ কয়েকজনকে মাদ্রাসার ভেতরে অবরুদ্ধ করে রাখা হয়েছে।
রোববার (৫ জুলাই) দুপুরে এর প্রতিবাদে তাদের সমর্থকরা সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন।
অবরোধের কারণে ভোলাইল-দেওভোগ-দুই নম্বর রেলগেট সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। জরুরি প্রয়োজনে বের হওয়া অনেককে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়। এতে শিক্ষার্থী, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভোগান্তিতে পড়েন।
ভোগান্তির শিকার কয়েকজন পথচারী বলেন, কোনো ঘটনা ঘটলেই সড়ক অবরোধ করে সাধারণ মানুষকে কষ্ট দেওয়া উচিত নয়; সমস্যার সমাধান হওয়া উচিত আলোচনার মাধ্যমে।
এদিকে পরিস্থিতির কারণে দেওভোগ এলাকার আশপাশের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। সার্বিক পরিস্থিতি ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
আপনার মতামত লিখুন :