ফতুল্লায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন


Saimoon Islam প্রকাশের সময় : মে ১৫, ২০২৬, ৩:৩২ অপরাহ্ন / ১০০০
ফতুল্লায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

ফতুল্লায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

 

নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জেরে ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। শুক্রবার সকালে ফতুল্লার ধর্মগঞ্জ চতলার মাঠ এলাকার সোনার বাংলা রোডের ফাজিল পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মো. মোহন (৩২) স্থানীয় বাসিন্দা মো. বাবুল মিয়ার ছেলে। ঘটনার পর অভিযুক্ত বড় ভাই উজ্জ্বল (৩৪) পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নানা বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। প্রায়ই তাঁদের মধ্যে ঝগড়া-বিবাদ হতো।

 

স্থানীয়দের দাবি, উজ্জ্বল মাদকাসক্ত ছিলেন এবং প্রায় সময় নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ফিরে সামান্য বিষয় নিয়েও ঝামেলা করতেন।

 

শুক্রবার সকাল ছয়টার দিকে আবারও কোনো বিষয় নিয়ে মোহন ও উজ্জ্বলের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা একটি বটি দিয়ে ছোট ভাই মোহনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন উজ্জ্বল। মোহনের চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান।

 

পরে স্বজনেরা রক্তাক্ত অবস্থায় মোহনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তমাখা বটি উদ্ধার করে। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত উজ্জ্বল পলাতক রয়েছেন।

 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।