
নারায়ণগঞ্জে সিটি পার্ক এলাকা থেকে অনলাইন জুয়ার ২ এজেন্টসহ গ্রেফতার ৬
নারায়ণগঞ্জ সদর মডেল থানা এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের দুই এজেন্টসহ মোট ছয়জনকে গ্রেফতার করেছে র্যাব-১১।
মঙ্গলবার (১২ মে) র্যাব ১১ এর সিপিসি ১ এর পুলিশ সুপার মোঃ আব্দুর রশিদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এর আগে ১১ মে সদর থানাধীন রাসেল পার্ক ও এর আশপাশে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ সদরের বিভিন্ন এলাকায় অনলাইন জুয়ার মাধ্যমে সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে নজরদারি শুরু করে র্যাব-১১, সিপিসি-১। এরই ধারাবাহিকতায় সোমবার রাসেল পার্ক এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়ার দুই এজেন্ট মোঃ ছোয়াদ ও মোঃ রবিন বেপারীকে গ্রেফতার করা হয়। অভিযানে তাদের চার সহযোগী হৃদয় চন্দ্র সাহা, জসিম উদ্দিন, মোঃ মৃদুল এবং মোঃ অহিদুল ইসলাম ইমনকেও আটক করা হয়।
আটককৃতদের মধ্যে এজেন্ট ছোয়াদের বাড়ি দেওভোগ এল এন রোড এলাকায় এবং রবিন বেপারী দেওভোগ পাকারোড এলাকার বাসিন্দা। বাকি সহযোগীরাও শহরের উকিলপাড়া, ফকিরতলা ও দেওভোগের বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, এই চক্রটি ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে দীর্ঘদিন ধরে সাইবার অপরাধ ও জুয়া পরিচালনা করে আসছিল। গ্রেফতারের পর আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে নারায়ণগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। অনলাইন জুয়ার বিস্তার রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও বাহিনীটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
আপনার মতামত লিখুন :