নারায়ণগঞ্জ-০৪ আসনে এনসিপি প্রার্থী আল আমিনের গণসংযোগে হামলা করা যুবক গ্রেফতার


Saimoon Islam প্রকাশের সময় : জানুয়ারী ১৫, ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন / ১০০০
নারায়ণগঞ্জ-০৪ আসনে এনসিপি প্রার্থী আল আমিনের গণসংযোগে হামলা করা যুবক গ্রেফতার

 

নারায়ণগঞ্জ-৪ আসনের এনসিপির মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল আমীনের গণসংযোগ কর্মসূচিতে হামলার চেষ্টাকালে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, ১৪ জানুয়ারি ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টা ৪৫ মিনিটে ফতুল্লা থানাধীন বাঁশমলি এলাকায় এনসিপির প্রার্থী আব্দুল্লাহ আল আমীন প্রায় ৩০ থেকে ৪০ জন নেতাকর্মী নিয়ে সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছিলেন। এ সময় পেছন থেকে এক অপরিচিত যুবক তাদের অনুসরণ করতে থাকলে সন্দেহ হয়। তাকে জিজ্ঞাসাবাদ ও শরীর তল্লাশি করার সময় তার কাছ থেকে একটি ছোরা উদ্ধার করা হয়।
ছোরা নিয়ে কেন তিনি অনুসরণ করছিলেন—এ বিষয়ে জানতে চাইলে ওই যুবক দৌড়ে পালানোর চেষ্টা করে। এনসিপির কয়েকজন কর্মী তাকে ধাওয়া করে আটক করলে উভয়ের মধ্যে ধস্তাধস্তি হয়। এতে দলের দুইজন কর্মী সামান্য আহত হন।
খবর পেয়ে ফতুল্লা থানার এসআই (নিঃ) মো. সাইফুল ইসলাম ঈগল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যুবকটির পরিচয় নিশ্চিত করেন। পরে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামানের নেতৃত্বে একটি টিম অভিযান চালায়।
রাত আনুমানিক ১২টা ৩৫ মিনিটে দেওভোগ এলাকার বাঁশমলি কালাহাজীর বাড়ি থেকে আল আমীন ওরফে আক্কা বাক্কা আলামিন (২৪) নামে ওই যুবককে গ্রেফতার করা হয়। তার পিতার নাম মো. সিদ্দিক ও মাতার নাম নুর জাহান। তার বাড়ি গাইবান্ধা জেলায় হলেও বর্তমানে তিনি ফতুল্লা থানাধীন বাঁশমলি এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন এবং বাবার চায়ের দোকানে কাজ করতেন বলে পুলিশ জানায়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।