
ফতুল্লার ইসদাইর এলাকায় মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত রায়হান মোল্লা ওরফে রেহান (৪৫) হত্যাকাণ্ডে জড়িত চারজন মূল আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নারায়ণগঞ্জ।
গত ১২ জানুয়ারি ২০২৬ রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে ফতুল্লা থানাধীন নিউ চাষাড়া এলাকার ইসদাইর বাজার রোডে মুন্সির খুশবু হোটেলের সামনে রায়হান মোল্লাকে রামদা, চাপাতি, ছোরা ও চাকুসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে মাদক ব্যবসায়ী রাজ্জাক ও তার সহযোগীরা। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রায়হানকে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ভাই রমজান হোসেন বাদী হয়ে ফতুল্লা থানায় মাদক ব্যবসায়ী রাজ্জাকসহ ২০ জনের নাম উল্লেখ করে এবং আরও ৪/৫ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার গুরুত্ব বিবেচনায় পুলিশ সুপার নারায়ণগঞ্জ মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশে মামলার তদন্ত জেলা গোয়েন্দা শাখার কাছে হস্তান্তর করা হয়।
ডিবির অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম হোসেনের তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের নেতৃত্বে একটি চৌকস টিম নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত চারজন মূল আসামিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন
শরিফ (১৮), রুহুল আমিন (৩৫), মো. আলী (৪৮) ও সজিব (২৪)।
গ্রেপ্তারকৃত আসামি শরিফকে আদালতে হাজির করা হলে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। অপর তিন আসামিকে রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :