ফকির অ্যাপারেলসের ঝুট ব্যবসা নিয়ে বিরোধ, নিজ দলের নেতাকর্মীদের ‘টোকাই’ ও ‘মাদকসেবী’ বললেন যুবদল নেতা রনি


Saimoon Islam প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৬, ২:১২ অপরাহ্ন / ১০০০ Views
ফকির অ্যাপারেলসের ঝুট ব্যবসা নিয়ে বিরোধ, নিজ দলের নেতাকর্মীদের ‘টোকাই’ ও ‘মাদকসেবী’ বললেন যুবদল নেতা রনি


: নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পাঞ্চলে ফকির অ্যাপারেলসের ঝুট (ওয়েস্টিজ) বণ্টন ও অর্থ আত্মসাতের অভিযোগ তোলায় নিজ দলের ওয়ার্ড পর্যায়ের নেতাদের ‘টোকাই’ ও ‘মাদকসেবী’ বলে আখ্যায়িত করেছেন জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি।

সোমবার দুপুরে এনায়েতনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গণমাধ্যমকর্মীদের সামনে ফকির অ্যাপারেলসের ঝুট বিক্রির লভ্যাংশ থেকে বঞ্চিত করার অভিযোগ তোলেন। এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে ফোনালাপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশে আপত্তিকর মন্তব্য করেন জেলা যুবদলের এই নেতা।

স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অভিযোগ, ফতুল্লার বিসিক শিল্পাঞ্চলে অবস্থিত ফকির অ্যাপারেলস কারখানাটি এনায়েতনগর ইউনিয়নের ২ ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় অবস্থিত। শুরুতে কারখানার ঝুট নামানোর কাজ স্থানীয় এই দুই ওয়ার্ডের নেতাকর্মীরা করলেও গত ৫ আগস্টের পর থেকে পরিস্থিতির পরিবর্তন ঘটে।

অভিযোগ রয়েছে, জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আলমগীর হোসেন এবং ‘বরিশাইল্লা’ জাহাঙ্গীর প্রভাব বিস্তার করে পুরো ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে নেন। শুধু তা-ই নয়, কেন্দ্রীয় পর্যায়ের নেতাদের নাম ভাঙিয়ে প্রতি মাসে মোটা অঙ্কের টাকা কেটে নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা।

সোমবার দুপুরে গণমাধ্যমকর্মীদের সামনে এনায়েতনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজ বলেন, কারখানাটি তাঁদের ওয়ার্ড এলাকায় অবস্থিত হওয়া সত্ত্বেও অ্যাডভোকেট আলমগীর হোসেন, বরিশাইল্লা জাহাঙ্গীর ও যুবদল নেতা মশিউর রহমান রনির প্রভাবের কারণে ২ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীরা ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হচ্ছেন। নেতাকর্মীদের চাপের মুখে ওয়ার্ড সভাপতি হিসেবে তাঁকে বিষয়টি সামনে আনতে হয়েছে।

একই ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক খোকা ক্ষোভ প্রকাশ করে বলেন, ফকির অ্যাপারেলসের ওয়েস্টিজ বণ্টন নিয়ে দীর্ঘদিন ধরেই চরম অসন্তোষ বিরাজ করছে। তাঁরা শুধু আর্থিকভাবে নয়, দলীয় সম্মান ও ন্যায্য অধিকার থেকেও বঞ্চিত হচ্ছেন। এ বৈষম্যের গ্রহণযোগ্য সমাধানের জন্য কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের প্রতি দাবি জানান তিনি।

এ সময় এনায়েতনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সরাসরি অভিযোগ তুলে বলেন, ৫ আগস্টের পর থেকে যুবদল নেতা মশিউর রহমান রনি কেন্দ্রীয় বিএনপি ও যুবদলের শীর্ষ নেতাদের নাম ব্যবহার করে বড় অঙ্কের অর্থ নিয়ে যাচ্ছেন। কেন্দ্রীয় কোন নেতা এই টাকা গ্রহণ করছেন, তা স্পষ্টভাবে প্রকাশের দাবি জানান তিনি।

দলীয় নেতাকর্মীদের এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনির মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করার পাশাপাশি নিজ দলের পদধারী নেতাদের তীব্র ভাষায় আক্রমণ করেন।

ফোনালাপে গণমাধ্যমকর্মীকে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে রনি বলেন, ‘যারা বক্তব্য দিয়েছে, তারা কারা? এরা দলের কে? এদের দলের কোনো অস্তিত্ব আছে? এসব টোকাই-মোকাইদের কথায় বক্তব্য নিতে আমাকে ফোন করেছেন।’

অভিযোগকারীদের ওয়ার্ড পর্যায়ের পদ-পদবি এবং তাঁদের সঙ্গে থাকা ছবির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি তাচ্ছিল্যের সুরে বলেন, ‘কিসের পদ-পদবি? একটি ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ইউনিয়ন সভাপতিকে মানে না, সে কিসের নেতা? আর আমি জেলা যুবদলের সদস্যসচিব, আমার সঙ্গে চোর, ডাকাত, বাটপার, ইঞ্জিনিয়ার, ডাক্তার সবাই থাকবে। কে আমার পেছনে দাঁড়াল, তা কি আমি দেখে বেড়াই?’

ফোনালাপের একপর্যায়ে তিনি অভিযোগকারী নেতাকর্মীদের ‘গাঁজাখোর, মদখোর ও ফেনসিডিলখোর’ হিসেবে আখ্যায়িত করেন। রনি দাবি করেন, তিনি বর্তমানে আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করছেন। অথচ অন্যরা বিসিকে ঝুট নামানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছেন এবং তাঁর মনোবল ভাঙতে এসব অপপ্রচার চালাচ্ছেন