

সংযুক্ত আরব আমিরাতের শিল্পনগরী মোছাফ্ফায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশি প্রকৌশলী সুশান্ত ধর (৩২)। তিনি নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের সন্তোষ কুমার ধরের ছেলে।
পরিবারের সূত্রে জানা গেছে, আজ ভোররাতে কাজে যাওয়ার সময় হঠাৎ অসুস্থ বোধ করলে সুশান্ত মেঝেতে শুয়ে পড়েন। এসময় তার সহর্কমী অ্যাম্বুলেন্সে খবর দিলে দ্রুত সেখানে পৌঁছে তাঁকে মোছাফ্ফার আহলিয়া হাসপাতালে নেওয়া হয়। কিছুক্ষণ চিকিৎসা চলার পর তিনি মারা যান।
পরিবারের সুখ ও সচ্ছলতার স্বপ্ন নিয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি আমিরাতে আসেন। মৃত্যুকালে স্ত্রী, এক শিশু কন্যা, বাবা, মা, এক ভাই, এক বোনসহ অনেক আত্মীয়স্বজন রেখে গেছেন।
মরদেহ দেশে পাঠানোর বিষয়ে ইতিমধ্যে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন স্বজনেরা।
আপনার মতামত লিখুন :