রূপগঞ্জে ছুরিকাঘাতে আহত মাদ্রাসা শিক্ষার্থী ইয়াছিনের মৃত্যু


Saimoon Islam প্রকাশের সময় : নভেম্বর ২৪, ২০২৬, ২:২৮ অপরাহ্ন / ১০০০
রূপগঞ্জে ছুরিকাঘাতে আহত মাদ্রাসা শিক্ষার্থী ইয়াছিনের মৃত্যু

রূপগঞ্জে ছুরিকাঘাতে আহত মাদ্রাসা শিক্ষার্থী ইয়াছিনের মৃত্যু

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে আহত ইয়াছিন মিয়া (২২) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

নিহত ইয়াছিন উপজেলার দাউদপুর ইউনিয়নের দেবৈ এলাকার শফিকুল ইসলামের ছেলে। তিনি দেবৈ কাজিরবাগ মাদ্রাসা থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে এক বিষয়ে অকৃতকার্য হয়েছিলেন। আগামী সপ্তাহে ওই বিষয়ে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার।

 

নিহতের ভগ্নিপতি মাসুম মিয়া জানান, দেবৈ মাদ্রাসার দপ্তরি মামুনের সঙ্গে তাদের পূর্বশত্রুতা ছিল। এর জেরে গত ২১ নভেম্বর সন্ধ্যায় মাদ্রাসার সামনে মামুন, রিয়াদ, শান্তসহ অজ্ঞাতপরিচয় আরও চার-পাঁচজন দেশীয় অস্ত্র নিয়ে ইয়াছিনের ওপর হামলা চালায়। এ সময় ইয়াছিনকে এলোপাতাড়ি মারধর করা হয়। একপর্যায়ে মামুন তার হাতে থাকা ছুরি দিয়ে ইয়াছিনের পেটে আঘাত করেন বলে অভিযোগ করেন তিনি।

 

পরে হামলাকারীরা পালিয়ে গেলে পরিবারের সদস্যরা গুরুতর আহত ইয়াছিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মাসুম মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ইয়াছিনের মৃত্যু হয়।

 

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্ত শেষে মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টার দিকে ইয়াছিনের মরদেহ বাড়িতে আনা হবে।

 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, এ ঘটনায় আগে একটি অভিযোগ দেওয়া হয়েছিল। শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।