

লিংক রোডে জুটভর্তি ট্রাকে আগুন, পুড়ে ছাই সব মালামাল
নারায়ণগঞ্জের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে পার্কিং করে রাখা গার্মেন্টসের ওয়েস্টেজ জুটভর্তি একটি ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ট্রাকে থাকা সব মালামাল পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি পেট্রোল বোমা নিক্ষেপ করে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেন। এ ঘটনায় প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ট্রাকচালক।
সোমবার (২৩ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে ফতুল্লার স্টেডিয়াম এলাকার সিএনজি স্ট্যান্ডের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে একটি মোটরসাইকেলে করে দুই ব্যক্তি এসে পার্কিংয়ে থাকা ট্রাকটি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেন। মুহূর্তেই ট্রাকে আগুন ছড়িয়ে পড়লে তাঁরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। আগুন দেখতে পেয়ে আশপাশে থাকা অন্য ট্রাকের চালকরা ঘুম থেকে উঠে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
ট্রাকচালক মামুন জানান, চট্টগ্রাম থেকে পাঁচটি ট্রাকে করে গার্মেন্টসের ওয়েস্টেজ জুট নিয়ে তাঁরা নারায়ণগঞ্জে আসেন। ভোর ৪টার দিকে লিংক রোডের পাশে ট্রাকগুলো পার্কিং করে তাঁরা ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর আগুনের খবর পেয়ে উঠে নিজের ট্রাকে আগুন জ্বলতে দেখেন। তাঁর ট্রাকে প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার মালামাল ছিল, যার সবই পুড়ে গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৬টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়।
শিবু মার্কেট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার অপূর্ব বল জানান, ট্রাকে ওয়েস্টেজ জুট বোঝাই থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের গাড়ির পানি শেষ হয়ে গেলে পাশের পুকুর থেকে পানি সংগ্রহ করে আগুন নেভানো হয়। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকে আগুন দেখতে পায়। কারা এবং কী কারণে আগুন দিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :