মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ


Saimoon Islam প্রকাশের সময় : নভেম্বর ১৭, ২০২৬, ১:১১ অপরাহ্ন / ১০০০ Views
মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

বেতন বাড়ানোসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মিরপুরে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

 

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে মিরপুর-১ থেকে মিছিল নিয়ে মিরপুর-১০ নম্বরের দিকে যাওয়ার পথে সড়ক অবরোধের চেষ্টা করেন তারা। পরে ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করেছে পুলিশ।

 

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে কয়েকশ পোশাক শ্রমিক লাঠিসোটা হাতে মিরপুর-১ নম্বর এলাকায় জড়ো হন। পরে তারা মিছিল নিয়ে মিরপুর-১০ নম্বরের দিকে অগ্রসর হন। সেখানে সড়কে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করলে মিরপুর মডেল থানার সামনে পুলিশ তাদের বাধা দেয়।

 

 

এ সময় শ্রমিকদের হাতে থাকা লাঠিসোটা ফেলে দিয়ে শান্তিপূর্ণভাবে সরে যাওয়ার আহ্বান জানায় পুলিশ। তবে শ্রমিকরা পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে মিরপুর-১ ও ১০ নম্বরের মধ্যবর্তী এলাকার বিভিন্ন অলিগলিতে আশ্রয় নেন।

 

মিরপুরে সড়কে শ্রমিকরা, যান চলাচল বন্ধ

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করার লক্ষ্যে পুলিশ সদস্যরা আশপাশের বিভিন্ন অলিগলিতে অবস্থান নেন। এ সময় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে কয়েকজনকে আটক করে মিরপুর মডেল থানায় নেওয়া হয়।

 

এ বিষয়ে ডিএমপির মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম বলেন, সকাল ৯টার দিকে কয়েকশ পোশাক শ্রমিক লাঠিসোটা হাতে মিরপুর-১ থেকে মিরপুর-১০ নম্বরের দিকে এসে সড়ক অবরোধের চেষ্টা করেন। মিরপুর মডেল থানার সামনে ব্যারিকেড দিয়ে তাদের থামানোর চেষ্টা করা হয়। এ সময় শ্রমিকদের লাঠিসোটা ফেলে দিয়ে শান্তিপূর্ণভাবে সরে যাওয়ার জন্য বারবার অনুরোধ জানানো হয়।

 

তিনি আরও বলেন, শ্রমিকরা পুলিশের অনুরোধ উপেক্ষা করে ব্যারিকেড ভেঙে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে জনদুর্ভোগ কমানো এবং জানমালের নিরাপত্তার স্বার্থে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করা হয়।

 

ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং সড়কে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।