রাশেদ খাঁনের পত্রিকা ছিঁড়ে ফেলা রাজনৈতিক আচরণ নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী


Saimoon Islam প্রকাশের সময় : নভেম্বর ১, ২০২৬, ২:৩৩ অপরাহ্ন / ১০০০
রাশেদ খাঁনের পত্রিকা ছিঁড়ে ফেলা রাজনৈতিক আচরণ নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী

ফেসবুক লাইভে এসে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনের দৈনিক আমার দেশের কপি ছিঁড়ে ফেলা দায়িত্বশীল রাজনৈতিক আচরণের উদাহরণ নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

 

 

শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত ২টা ৪০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

 

ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, ‘সংবাদপত্রের কোনো প্রতিবেদন পছন্দ না হলে তার প্রতিবাদ করার অধিকার সবার আছে। প্রতিবেদন ভুল হলে তথ্য-প্রমাণ দিয়ে খণ্ডন করুন, প্রতিবাদলিপি পাঠান, প্রয়োজনে আইনের আশ্রয় নিন। কিন্তু প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনের ফেসবুক লাইভে এসে দৈনিক আমার দেশের কপি ছিঁড়ে ফেলার দৃশ্যটি মোটেও দায়িত্বশীল রাজনৈতিক আচরণের উদাহরণ নয়।’

 

সংবাদপত্রের সঙ্গে যে কারও মতবিরোধ থাকতে পারে জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ‘একটি সংবাদপত্রের সঙ্গে মতপার্থক্য থাকতে পারে, সম্পাদকের সঙ্গে বিরোধ থাকতে পারে, কোনো প্রতিবেদনের বিরুদ্ধে তীব্র আপত্তিও থাকতে পারে। কিন্তু রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিদের কাছ থেকে আমরা আরও সংযম, পরিশীলিত আচরণ এবং গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা প্রত্যাশা করি।’