‘আমার দেশ পত্রিকা নয়, জামায়াতের পক্ষে ন্যারেটিভ দাঁড় করানোর হাতিয়ার’


Saimoon Islam প্রকাশের সময় : নভেম্বর ১, ২০২৬, ২:০৮ অপরাহ্ন / ১০০০
‘আমার দেশ পত্রিকা নয়, জামায়াতের পক্ষে ন্যারেটিভ দাঁড় করানোর হাতিয়ার’

আমার দেশ কোনো পত্রিকা নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, আমি কোনো পত্রিকা ছেঁড়ার মতো ভুল করতে পারি না। এটা জামায়াতের পক্ষে ন্যারেটিভ দাঁড় করানোর একটি হাতিয়ার। এই হাতিয়ার ব্যবহার করে কারও চরিত্র হনন করার কোনো সুযোগ নেই।

 

 

শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত ২টা ২২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

 

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লিখেছেন, ‘আমি একটি মিথ্যা ন্যারেটিভকে ছিঁড়েছি। হাসিনাপুত্রের সাথে আমি এক হয়েছি মর্মে আমার দেশ পত্রিকা যে মিথ্যাচার করেছে, আমি সেই অসত্যকে ছিঁড়ে ফেলেছি। আমি শেখ হাসিনাকে কটূক্তির মামলায় জেল খেটেছি। আমার কোনো বক্তব্য অপছন্দ হলে, সেটিকে রাজনৈতিক ভাষায় সমালোচনা করতে পারে প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সেই সমালোচনাকে আমি অবশ্যই সাধুবাদ জানাব।’

 

আমার দেশ পত্রিকা তাকে ‘নব্য বিএনপি বলতে পারে না’ জানিয়ে রাশেদ খাঁন লেখেন, ‘এই অধিকার সম্পাদক মাহমুদুর রহমানের নেই। তিনি আমাকে বলতে পারেন না যে, আমি শেখ হাসিনার পুত্রের সাথে এক হয়েছি। অর্থাৎ আমি যেহেতু জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারের ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সাথে বৈঠকের তথ্য সামনে এনেছি। সেহেতু পাল্টা ন্যারেটিভ হিসেবে আমার দেশ পত্রিকা সামনে এনেছে, আমি হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয়ের সাথে এক হয়েছি!’

 

 

পত্রিকাটির সমালোচনা করে তিনি লেখেন, ‘এই অভিযোগ যদি জামায়াত কিংবা জামায়াত নেতা গোলাম পরওয়ার করতেন, আমি রাজনৈতিক ভাষায় জবাব দিতাম। যেহেতু জামায়াত আমার দেশ পত্রিকার মাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যা ন্যারেটিভ দাঁড় করাতে অপচেষ্টা করেছে। আমি একজন সংক্ষুব্ধ ব্যক্তি হিসেবে বিষয়টিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করেছি, মিথ্যা ও অপবাদকে ছিঁড়ে ফেলেছি।’

 

 

আমার দেশ কোনো পত্রিকা নয় বলে মন্তব্য করে তিনি লেখেন, ‘আমি কোনো পত্রিকা ছেঁড়ার মতো ভুল করতে পারি না। এটা জামায়াতের পক্ষে ন্যারেটিভ দাঁড় করানোর একটি হাতিয়ার। এই হাতিয়ার ব্যবহার করে কারও চরিত্র হনন করার কোনো সুযোগ নেই। পত্রিকা হতে হলে সম্পাদকীয় ও সাংবাদিকতার নীতিমালা মেনে চলা উচিত। আমার দেশ সেটির কোনো কিছু অনুসরণ করে না।’