

নিরাপদ ও সুন্দর জীবন গঠনে সময়ের পরিকল্পিত ব্যবহার, নৈতিক ও মানবিক মূল্যবোধের চর্চা এবং পাঠাভ্যাস গড়ে তোলা অপরিহার্য বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ গ্রাজুয়েটস অ্যাসোসিয়েশন (এনজিএ) ও বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম।
তিনি বলেন, শিল্প ও বন্দরনগরী নারায়ণগঞ্জের জীবনমান উন্নয়নে পারস্পরিক সহমর্মিতা বৃদ্ধি, নৈতিক ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত শিক্ষা-সংস্কৃতির বিকাশ এবং নাগরিক দায়িত্ববোধ নিয়ে সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। মোবাইল আসক্তি থেকে বেরিয়ে এসে পাঠচক্রে অংশগ্রহণের মাধ্যমে পাঠাভ্যাস গড়ে তোলা প্রয়োজন।
শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ফতুল্লার তল্লায় সাধারণ পাঠাগার প্রাঙ্গণে এনজিএ স্টাডি সার্কেল সাধারণ পাঠাগার ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংগঠনটির সভাপতি কুতুবউদ্দিন শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে ‘নিরাপদ ও সুন্দর জীবনের জন্য সময় ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। পরে মোহাম্মদ হাতেম কেক কেটে স্টাডি সার্কেল ইউনিটের উদ্বোধন করেন।
চৌধুরী মাহবুব রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন মুফতি ওমর ফারুক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউছার আশা, এনজিএর উপদেষ্টা ও ড্রিম হলিডে পার্কের স্বত্বাধিকারী প্রবীর কুমার সাহা এবং সাধারণ পাঠাগারের উপদেষ্টা শমশের আলী।
সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ও সাধারণ পাঠাগারের শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মো. দিদারুল ইসলাম।
আলোচনায় অংশ নেন এনজিএর সাধারণ সম্পাদক মঈন আহসান, সাধারণ পাঠাগারের সাধারণ সম্পাদক রবীন আহমেদ, অধ্যাপক আফরোজা সুলতানা রুমি, সাজ্জাদ হাসাইন কিশোর ও হাসিন রায়হান।
মোহাম্মদ হাতেম আরও বলেন, নিরাপদ ও সুন্দর জীবনের জন্য সময়কে পরিকল্পিতভাবে কাজে লাগানোর পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধ অর্জনে সামাজিক পরিসরে পাঠচক্র পরিচালনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলার লক্ষ্যেই এনজিএ সাধারণ পাঠাগার প্রাঙ্গণে এ স্টাডি সার্কেল চালু করেছে।
অনুষ্ঠানে কাশীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কাশীপুর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবদ্দিনসহ অন্যান্য মুক্তিযোদ্ধা, চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ এবং প্রয়াত বাবা-মায়েদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আপনার মতামত লিখুন :