ফতুল্লায় ২ শিশুর কাণ্ড, পুলিশকে ঘুরিয়েছে ৮ কিলোমিটার


Saimoon Islam প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২৬, ২:১৪ অপরাহ্ন / ১০০০ Views
ফতুল্লায় ২ শিশুর কাণ্ড, পুলিশকে ঘুরিয়েছে ৮ কিলোমিটার

ফতুল্লায় ২ শিশুর কাণ্ড, পুলিশকে ঘুরিয়েছে ৮ কিলোমিটার

 

নারায়ণগঞ্জে কোল বালিশ কাঁথা দিয়ে ঢেকে রেখে ঘর থেকে বের হয় দুই শিশু। তাদের উদ্দেশ্য পায়ে হেঁটে কুমিল্লায় খালার বাসায় যাবে। কিন্তু বাড়ি থেকে চার কিলোমিটার দূরে যেতেই পথ হারিয়ে ফেলে তারা।

 

মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ১২টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে দুই শিশুকে কাঁদতে দেখে উদ্ধার তাদের করে ফতুল্লা মডেল থানা পুলিশ।

 

সূত্র জানায়, বাড়ি থেকে হয়ে চার কিলোমিটার দূরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে যেয়ে পথ হারিয়ে ফেলে শিশু দুটি। এ সময় রাস্তার পাশে বসে কাঁদতে থাকে তারা। পুলিশ তাদের দেখে উদ্ধার করে পরিচয় জানতে চাইলে তাদের একজন বাবার নাম ছাড়া কিছুই বলতে পারে না। পরে এক শিশুর স্কুলের নাম জানতে পেরে পুলিশ তাদের সেখানে নিয়ে যায়। তারপর তারা তাদের বাসা দেখিয়ে দেয়।

 

ফতুল্লা মডেল থানার এসআই শামীম বলেন, ‘রাত ১২টার দিকে দুই শিশুকে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে কান্না করতে দেখে তাদের কাছে যাই। এরপর তাদের পরিচয় জানতে চাইলে এক শিশু তার বাবার নাম ছাড়া কিছুই বলতে পারে না।’

 

তিনি বলেন, ‘কেন এসেছো জানতে চাইলে তারা জানায় সম্পর্কে তারা চাচাতো বোন। পায়ে হেটে খালার বাড়ি কুমিল্লা যাবে। তখন ওসিকে বিষয়টি জানালে তিনি শিশুদের বাড়ি খোঁজার চেষ্টা করতে বলেন। এরপর শিশুদের দেখনো মতে ফতুল্লার সস্তাপুর কায়েমপুর, ইসদাইর এলাকাসহ অন্তত সাত থেকে আট কিলোমিটার পায়ে হেঁটে খুঁজি। রাত ৪টার দিকে এক শিশু তার স্কুলের নাম বলে। এরপর ফতুল্লার উত্তর মাসদাইর গ্লোরি ইন্টারন্যাশনাল স্কুলের সামনে নিয়ে গেলে তারা বাসা দেখিয়ে দেয়।’

 

তিনি আরো বলেন, ‘শিশুদের বাসায় গিয়ে দেখা যায় তাদের মা-বাবা ঘুমিয়ে আছেন। ডেকে ওঠানো পর জানতে চাওয়া হয় তাদের সন্তান কোথায়। তখন তারা ঘরে গিয়ে দেখেন কোল বালিশের ওপর কাঁথা দিয়ে ঢাকা কিন্তু মেয়েরা নেই। এদৃশ্য দেখেই তারা উচ্চস্বরে কান্না করতে থাকেন। এতে আশপাশের লোকজন ঘুম থেকে ওঠে এসে ভিড় জমায়। এরপর দুই শিশুকে তাদের মা-বাবার হাতে তুলে দেয়া হয়।