ভুলতা-গোলাকান্দাইল পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণ চান এমপি দিপু


Saimoon Islam প্রকাশের সময় : অগাস্ট ২৬, ২০২৬, ৩:২৩ অপরাহ্ন / ১০০০
ভুলতা-গোলাকান্দাইল পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণ চান এমপি দিপু

ভুলতা-গোলাকান্দাইল পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণ চান এমপি দিপু

রূপগঞ্জ উপজেলার ভুলতা-গোলাকান্দাইল পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু)। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে লিখিত আবেদন করেছেন তিনি।

 

আবেদনে রূপগঞ্জকে জনবহুল, শিল্পসমৃদ্ধ ও গুরুত্বপূর্ণ আঞ্চলিক যোগাযোগকেন্দ্র হিসেবে উল্লেখ করে মেট্রোরেল সম্প্রসারণের প্রয়োজনীয়তা তুলে ধরেন এমপি দিপু।

 

চিঠিতে তিনি উল্লেখ করেন, প্রায় ১৭৬ বর্গকিলোমিটার আয়তনের রূপগঞ্জ উপজেলায় স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে প্রায় ২০ লাখ মানুষের বসবাস। ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ এলাকার সঙ্গে রূপগঞ্জের সরাসরি যোগাযোগ থাকায় প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ এ অঞ্চলের সড়কপথ ব্যবহার করেন।

 

এমপি দিপু বলেন, রূপগঞ্জে এক হাজারের বেশি ছোট-বড় শিল্পকারখানা রয়েছে। নিটওয়্যার, হোসিয়ারি ও জামদানি শিল্পসহ দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠীর কারখানা এ উপজেলায় অবস্থিত। শিল্পকারখানায় কর্মরত শ্রমিক-কর্মচারী ছাড়াও শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের প্রয়োজনে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ রূপগঞ্জ থেকে ঢাকা মহানগরীসহ বিভিন্ন এলাকায় যাতায়াত করেন।

 

চিঠিতে তিনি আরও বলেন, পর্যাপ্ত ও জনবান্ধব গণপরিবহন ব্যবস্থার অভাবে সড়কপথে প্রতিনিয়ত তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। এতে সাধারণ জনগণ, ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা ও কর্মজীবী মানুষকে দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হচ্ছে। সময় ও অর্থের অপচয়ের পাশাপাশি শিল্প ও বাণিজ্যের স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

 

আবেদনে এমআরটি লাইন ১ এর পূর্বাচল থেকে ভুলতা-গোলাকান্দাইল অথবা এমআরটি লাইন ৫ এর দাশেরকান্দি/ভাটারা থেকে ভুলতা-গোলাকান্দাইল পর্যন্ত সম্ভাব্য যেকোনো একটি রুট সম্প্রসারণের প্রস্তাব করেন তিনি।

 

এমপি দিপুর মতে, ভুলতা-গোলাকান্দাইল পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণ করা হলে রূপগঞ্জসহ পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসন, দ্রুত ও নিরাপদ যাতায়াত, শিল্প-বাণিজ্যের সম্প্রসারণ এবং দেশি-বিদেশি বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াতকারী মানুষের যোগাযোগ ব্যবস্থাও আরও সহজ ও গতিশীল হবে।

 

এ কারণে রূপগঞ্জের ভুলতা-গোলাকান্দাইল পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের সম্ভাব্যতা যাচাইপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রীর সদয় দিকনির্দেশনা ও বিশেষ হস্তক্ষেপ কামনা করেছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু)।