

নারায়ণগঞ্জের বন্দরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক মারা গেছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন।
তিনি বলেন, বুধবার রাত এগারোটার দিকে কলাগাছিয়া ইউনিয়নের শুভকরদী এলাকায় ছুরিকাঘাতে আহত হন নিহত ওই যুবক।
নিহতের নাম মো. ডালিম। ৩৬ বছর বয়সী ডালিম আলী ঐ এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত ডালিমের সঙ্গে মাদক ব্যবসায় অভিযুক্ত শুভকরদী এলাকার হাবিবের (২০) দ্বন্দ্ব চলছিল। এ দ্বন্দ্বের জেরে গতরাতে থাকে ছুরি দিয়ে আঘাত করে হাবিব। হাবিব চিহ্নিত মাদক ব্যবসায়ী ‘ব্ল্যাক জনি’র অনুসারী বলে পরিচিত।
বন্দর থানার ওসি জামাল উদ্দিন বলেন, আহত অবস্থায় ডালিম কে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার মরদেহ বর্তমানে ঢামেকের মর্গে রয়েছে।
অভিযুক্ত হাবিব ঘটনার পর থেকেই পলাতক রয়েছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :