রাজনীতির নামে বেয়াদবি বরদাস্ত করা হবে না: সাইদুর রহমান


Saimoon Islam প্রকাশের সময় : অগাস্ট ৩, ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন / ১০০০
রাজনীতির নামে বেয়াদবি বরদাস্ত করা হবে না: সাইদুর রহমান

রাজনীতির নামে বেয়াদবি বরদাস্ত করা হবে না: সাইদুর রহমান

 

নারায়ণগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বরেণ্য রাজনীতিবিদ ও বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে কটাক্ষ ও অপপ্রচারের প্রতিবাদে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। মাসুকুল ইসলাম রাজিবের সমর্থনে সরকারি তোলারাম কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমানের নেতৃত্বে এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

রোববার (২ আগস্ট) সন্ধ্যায় শহরের ডিআইটি এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে ছাত্রদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। অংশগ্রহণকারীদের হাতে জ্বালানো মশাল দেখা যায় এবং তারা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে দিতে মিছিল করেন।

 

মিছিল চলাকালে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিএনপির জ্যেষ্ঠ নেতাদের নিয়ে কটাক্ষ ও অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পাশাপাশি এনসিপির কয়েকজন নেতার বিরুদ্ধেও প্রতিবাদী স্লোগান দিতে দেখা যায়।

 

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সাইদুর রহমান বলেন, “রাজনীতির নামে কেউ বেয়াদবি করলে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু দেশের বরেণ্য রাজনীতিবিদ ও বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে অশালীন মন্তব্য, কটাক্ষ ও অপপ্রচার একটি নোংরা রাজনৈতিক সংস্কৃতির বহিঃপ্রকাশ। এসব কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকতে হবে।”

 

তিনি আরও বলেন, “যারা রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করে উসকানিমূলক বক্তব্য দিচ্ছে, তাদের বিরুদ্ধে গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ অব্যাহত থাকবে। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কোনো ধরনের অপপ্রচার বা কুরুচিপূর্ণ রাজনীতি মেনে নেবে না।”

 

বক্তব্য শেষে তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সকল ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান জানান।