নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপি নেতার


Saimoon Islam প্রকাশের সময় : অগাস্ট ১, ২০২৬, ৭:৫৯ অপরাহ্ন / ১০০০
নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপি নেতার

নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপি নেতার

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কেউ ‘সামান্য কিছু’ বললে তার প্রতিবাদ করা দলের নেতা-কর্মীদের দায়িত্ব। একই সঙ্গে তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করেছেন।

 

শনিবার (১ আগস্ট) বিকেলে শহরের চাষাঢ়া মিশনপাড়া এলাকায় প্রধানমন্ত্রী ও বিএনপি নেতাদের নিয়ে কটুক্তির অভিযোগে এনসিপি নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলের পূর্বে তিনি একথা বলেন। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

 

তিনি বলেন, ‘তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। বর্তমানের সফল রাষ্ট্রনায়ক। পৃথিবীর ইতিহাসে তিন প্রজন্মের এরকম কোনো রাষ্ট্রনায়ক বা রাষ্ট্র পরিচালনার ইতিহাস আছে কি না, বলতে পারবেন?’

 

ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেন, ‘সেই তারেক রহমানকে নিয়ে যদি সামান্য কিছু তেলাপোকা কিছু বলে, তাহলে আমাদের উচিত তাদের পা দিয়ে জুতা পিষে মেরে ফেলা।’

 

নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে তিনি বলেন, ‘পত্রপত্রিকা এবং আমার কাছেও ছবি আছে, এই নাসীরুদ্দীন পাটওয়ারী কোথায় ছিল ১৭ বছর। প্রাণের আরএফএল কোম্পানির সেলস এক্সিকিউটিভ হিসেবে সে চাকরি করেছে। সেই ছবি আমার কাছে আছে। বর্তমানে মোবাইলে নেই। কিন্তু আমার ল্যাপটপে আছে। সে লজিং মাস্টার ছিল।’

 

এ সময় তিনি আসিফ মাহমুদ, নাহিদ ও হাসনাত আবদুল্লাহসহ জুলাইয়ের আন্দোলনের আগে বিভিন্ন ব্যক্তির অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন।

 

তিনি বলেন, ‘তারা প্রথমে আওয়ামী লীগের লুঙ্গির নিচে ছিল, ছাত্রলীগের লুঙ্গির নিচে থেকে তারা হঠাৎ করে বের হয়েছে। বের হয়ে এখন বড় নেতা।’

 

বিএনপির নেতা-কর্মীদের ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ তুলে ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেন, ‘১৭ বছর আমাদের এই নেতাকর্মীদের যে বিনিদ্র রজন কাটানোর ইতিহাস, যে জুলুমের ইতিহাস, সেগুলোর কথা চিন্তা করলে তোদের হাওয়ায় উড়ে যাওয়ার কথা। তোরা আবার বড় বড় কথা বলিস কী করে রে শয়তান।’

 

নাসীরুদ্দীন পাটওয়ারীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘কোথায় আগরতলা আর কোথায় শকিরতলা। বেশি কথা বলব না। পাটোয়ারীকে আমি মহানগর বিএনপির পক্ষ থেকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করলাম।’

তিনি আরও বলেন, ‘যদি ভবিষ্যতে নারায়ণগঞ্জে পা রাখার সাহস দেখা যায়, তাদের আমরা প্রতিহত করব, ভাইয়েরা ইনশা আল্লাহ।’

 

ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেন, ‘তেলাপোকা, সারপোকার কথায় বিএনপির মতো একটা বিশাল মহীরুহের কোনো ক্ষতি হবে, তারেক রহমানের মতো সফল রাষ্ট্রনায়কের কিছু যাবে-আসবে—এটা আমরা বিশ্বাস করি না। কিন্তু আমাদের দায়িত্ব এটার প্রতিবাদ করা। তাই আজকে মহানগরের পক্ষ থেকে আমরা এটার প্রতিবাদ করলাম।’