

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছিনতাইয়ের পর স্থানীয় জনতার গণপিটুনিতে মিদুল (৩০) নামে এক ছিনতাইকারী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ছিনতাইয়ের শিকার এক ব্যক্তিও আহত হয়েছেন। পুলিশ আহত দুজনকে হাসপাতালে ভর্তি করেছে।
মঙ্গলবার (২৮ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যাণী মোড় এলাকার পাকা সড়কে এ ঘটনা ঘটে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, মরদাসাদী গ্রামের কাদেরের ছেলে নজরুল ইসলাম চারজন রোগীকে নিয়ে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পথে কল্যাণী মোড় এলাকায় পৌঁছালে ৮ থেকে ১০ জনের একটি দল তাদের গতিরোধ করে। এ সময় তারা নজরুল ইসলামের কাছে থাকা আনুমানিক ৪ থেকে ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে আহত করা হয়।
পরে নজরুল ইসলাম বিষয়টি স্বজন ও স্থানীয়দের জানালে তারা চারদিকে ছড়িয়ে ছিনতাইকারীদের ধাওয়া করেন। এ সময় মিদুল নামে এক ব্যক্তিকে আটক করেন স্থানীয়রা। পরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিলে তিনি গুরুতর আহত হন। তবে তার সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত মিদুলকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত নজরুল ইসলামও সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আপনার মতামত লিখুন :