

সিদ্ধিরগঞ্জে রিভলবার, গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে একটি রিভলবার, ৬ রাউন্ড গুলি, তিনটি রামদা ও একটি মাইক্রোবাসসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১২ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি এলাকার ২ নম্বর ওয়ার্ডের চিশতিয়া বেকারির সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে গ্রেপ্তার হন মিজমিজি মাইজপাড়া এলাকার বাসিন্দা মো. সজিব আহমেদ (২৫)।
এ সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার, ৬ রাউন্ড গুলি, তিনটি ধারালো রামদা এবং ঢাকা মেট্রো-চ-২০-৫২৫৭ নম্বরের একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত সজিব আহমেদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি এবং অস্ত্র আইনে পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এছাড়া, পুলিশের তথ্যমতে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি বৈষম্যবিরোধী হত্যা মামলাও বিচারাধীন রয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, অবৈধ অস্ত্র, গুলি, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :