

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতায় আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে অন্তর্ভুক্ত করার দাবিতে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জাতীয় ছাত্রশক্তি।
রোববার (১২ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মো. রায়হান কবিরের কাছে স্মারকলিপি দেন সংগঠনের নেতারা। এর আগে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের কাছেও একই দাবিতে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে বলা হয়, নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার অন্তর্গত ফতুল্লা ইউনিয়ন একটি ঘনবসতিপূর্ণ ও শিল্পসমৃদ্ধ এলাকা। ফতুল্লা থানার নামও এ ইউনিয়নের নামানুসারে হয়েছে। ভৌগোলিক অবস্থান, জনসংখ্যার ঘনত্ব, শিল্পায়ন, বাণিজ্যিক গুরুত্ব এবং দ্রুত নগরায়ণের কারণে দীর্ঘদিন ধরেই এলাকাটি পূর্ণাঙ্গ নগর এলাকার বৈশিষ্ট্য বহন করছে।
এতে আরও উল্লেখ করা হয়, প্রায় ৪ দশমিক ৭৩ বর্গকিলোমিটার আয়তনের ফতুল্লা ইউনিয়নে আনুমানিক ৮ থেকে ১০ লাখ মানুষের বসবাস। অধিকাংশ বাসিন্দা তৈরি পোশাকশিল্প, বস্ত্রশিল্প, বিভিন্ন শিল্প-কারখানা, ব্যবসা-বাণিজ্যসহ অকৃষিভিত্তিক পেশায় নিয়োজিত। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল হওয়া সত্ত্বেও এলাকাবাসী এখনো সিটি করপোরেশনের মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত।
স্মারকলিপিতে আরও বলা হয়, প্রতি বছর বর্ষা মৌসুমে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা, ভাঙাচোরা সড়ক, মশার উপদ্রব, অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবার ঘাটতির কারণে এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েন। জলাবদ্ধতার কারণে ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগের ঝুঁকিও বাড়ছে। অথচ নগরবাসীর মতো কর ও বিভিন্ন ফি পরিশোধ করলেও সে অনুপাতে নাগরিক সেবা পাচ্ছেন না তারা।
সংগঠনটি জানায়, এর আগে প্রকাশিত প্রস্তাবে সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে সিটি করপোরেশনের আওতায় আনার বিষয়টি থাকলেও সর্বশেষ বিজ্ঞপ্তিতে কেবল আংশিক এলাকা অন্তর্ভুক্তির প্রস্তাব রাখা হয়েছে। বিশেষ করে ফতুল্লা ইউনিয়নের ১, ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ড বাদ পড়ায় পরিকল্পিত ও সমন্বিত উন্নয়ন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
জাতীয় ছাত্রশক্তি মহানগরের সদস্য সচিব মো. জহিরুল ইসলাম বলেন, সর্বশেষ বিজ্ঞপ্তিতে ফতুল্লা ইউনিয়নের ১, ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ড বাদ দেওয়া হয়েছে। চারপাশে সিটি করপোরেশনের এলাকা রেখে মাঝখানের অংশ বাইরে রাখলে পরিকল্পিত উন্নয়ন সম্ভব নয়। একই বৈশিষ্ট্যসম্পন্ন ও সমমানের ওয়ার্ডগুলোকে বাদ দেওয়া জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত।
ফতুল্লা থানা কমিটির আহ্বায়ক মো. হাসান শিকদার বলেন, দীর্ঘদিন ধরে জলাবদ্ধতাসহ নানা নাগরিক সমস্যায় ফতুল্লা ইউনিয়নের মানুষ ভুগছেন। সিটি করপোরেশনের আওতাভুক্তি ছাড়া এ অঞ্চলের মানুষের কাঙ্ক্ষিত নাগরিক সেবা নিশ্চিত করা সম্ভব নয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তির যুগ্ম সদস্য সচিব মারুফ সরকার, সংগঠক রবিউল হাসান মিঠু, সদস্য সারোয়ার হোসেন রুপম এবং ফতুল্লা থানা কমিটির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসানসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
আপনার মতামত লিখুন :