

নারায়ণগঞ্জে এএসআই নিয়োগের প্রথম ধাপ সম্পন্ন
বাংলাদেশ পুলিশে প্রথমবারের মতো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের প্রাথমিক বাছাই শেষে নারায়ণগঞ্জে ১৪৭ জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন। তিন দিনব্যাপী শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই শেষে শুক্রবার (২৬ জুন) দুপুর ১২টায় এ কার্যক্রম শেষ হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানায়, গত ২৪ জুন সকাল ৮টা থেকে জেলা পুলিশ লাইনস মাঠে শারীরিক মাপ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই শুরু হয়। তিন দিনের বাছাই শেষে শারীরিক যোগ্যতায় উত্তীর্ণ ১৪৭ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষা নেওয়া হবে। এরপর স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে।
নিয়োগ কার্যক্রমের প্রথম দিনে জেলা নিয়োগ বোর্ডের সভাপতি ও নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, পুলিশ সদর দপ্তরের প্রতিনিধি এআইজি (ইন্সপেকশন-২) নিশাত অ্যাঞ্জেলা এবং নিয়োগ বোর্ডের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রার্থীদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, এএসআই পদে নিয়োগ সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্তভাবে সম্পন্ন হবে। যাঁরা শারীরিক পরীক্ষাসহ পরবর্তী সব ধাপে যোগ্যতা প্রমাণ করবেন, তাঁরাই নিয়োগ পাবেন।
তিনি চাকরিপ্রত্যাশী ও তাঁদের পরিবারের সদস্যদের দালাল বা প্রতারক চক্রের প্রলোভনে পা না দেওয়ার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :