নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি


Saimoon Islam প্রকাশের সময় : জুন ১৫, ২০২৬, ৭:০৫ অপরাহ্ন / ১০০০
নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি

নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি

 

‎বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে নারায়ণগঞ্জে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (১৫ জুন) বিকেল ৩টায় নগরীর সিটি পার্ক এলাকা থেকে র‍্যালিটি শুরু হয়ে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গিয়ে শেষ হয়।

‎র‍্যালিতে আর্জেন্টিনার পতাকা, ব্যানার ও জার্সি পরে শতাধিক সমর্থক অংশগ্রহণ করেন। এসময় কয়েকজন ক্ষুদে সমর্থকের উপস্থিতি র‍্যালিতে ভিন্নমাত্রা যোগ করে।

‎তারা প্রিয় দল ও খেলোয়াড়দের প্রতি ভালোবাসা প্রকাশ করে আর্জেন্টিনার জয় কামনা করেন।

‎র‍্যালির আয়োজনে কোনো প্রতিষ্ঠান সরাসরি সম্পৃক্ত না থাকলেও আর্জেন্টিনা সমর্থক বিদ্যুতের উদ্যোগে বিভিন্ন এলাকার সমর্থকদের একত্রিত করে এ আয়োজন করা হয়।

‎এসময় বিদ্যুৎ বলেন, খেলায় হার-জিত থাকবেই। তবে আমরা এমন কোনো কর্মকাণ্ডে জড়াবো না, যার কারণে জনদুর্ভোগ বা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে চাই।

‎তিনি আরও বলেন, গত আসরে আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। এবারও আমরা আশাবাদী দলটি ভালো খেলবে এবং শিরোপা ধরে রাখবে। আমাদের দলে বিশ্বসেরা তারকা লিওনেল মেসি ও এঞ্জেল ডি মারিয়া -এর মতো খেলোয়াড় রয়েছেন, যা আমাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেয়।

‎র‍্যালিতে অংশ নেওয়া ক্ষুদে সমর্থকরা জানান, তারা ছোটবেলা থেকেই আর্জেন্টিনা দলকে সমর্থন করেন এবং এবারও দলের সাফল্য দেখতে চান। তাদের প্রত্যাশা, আর্জেন্টিনা দারুণ নৈপুণ্য প্রদর্শন করে আবারও শিরোপা জিতবে।

‎পুরো র‍্যালিজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। সমর্থকরা স্লোগান, পতাকা প্রদর্শন এবং প্রিয় দলের জার্সি পরে নগরবাসীর দৃষ্টি আকর্ষণ করেন। শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন হওয়ায় অংশগ্রহণকারীরা সন্তোষ প্রকাশ করেন।