হাটের শেয়ারের টাকা নিয়ে বিতর্ক: উদ্দেশ্যপ্রণোদিতভাবে যুবদল নেতা আবুল খায়েরকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, সমালোচনায় আল আমিন হৃদয়


Saimoon Islam প্রকাশের সময় : মে ১৯, ২০২৬, ৮:৫৭ অপরাহ্ন / ১০০০
হাটের শেয়ারের টাকা নিয়ে বিতর্ক: উদ্দেশ্যপ্রণোদিতভাবে যুবদল নেতা আবুল খায়েরকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, সমালোচনায় আল আমিন হৃদয়

হাটের শেয়ারের টাকা নিয়ে বিতর্ক: উদ্দেশ্যপ্রণোদিতভাবে যুবদল নেতা আবুল খায়েরকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, সমালোচনায় আল আমিন হৃদয়

 

গত বছরের ঈদুল আজহাকে কেন্দ্র করে পরিচালিত একটি পশুর হাটের শেয়ার সংক্রান্ত বিষয় নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। বিষয়টিকে কেন্দ্র করে এবার সরাসরি যুবদল নেতা আবুল খায়ের-কে ব্যক্তিগতভাবে লক্ষ্য করে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে মৎস্যজীবী দলনেতা আল আমিন হৃদয়-এর বিরুদ্ধে।

জানা যায়, গত বছরের ঈদুল আজহায় অন্য অংশীদারদের মতো আল আমিন হৃদয়ও উক্ত হাটে দুটি শেয়ার ক্রয় করেন। তবে তার দাবি, তিনি এখনো তার ক্রয়কৃত দুইটি শেয়ারের অর্থ বুঝে পাননি। যদিও হাট সংশ্লিষ্ট অন্য কোনো অংশীদারের কাছ থেকে এ ধরনের অভিযোগ পাওয়া যায়নি।

অভিযোগ রয়েছে, গত এক বছরে এ বিষয়ে কমিটির কাছে কোনো আনুষ্ঠানিক অভিযোগ না জানিয়ে সম্প্রতি সদর উপজেলার হাট ইজারা কার্যক্রম সম্পন্ন হওয়ার দিন ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে সংবাদ সম্মেলন করে যুবদল নেতা আবুল খায়েরের বিরুদ্ধে দুই লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনেন আল আমিন হৃদয়।

এ বিষয়ে আবুল খায়েরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,

“প্রতিটি হাটের মতো এই হাটও একটি নির্দিষ্ট কমিটির মাধ্যমে পরিচালিত হয়েছে। আমি সেখানে সেকেন্ড ক্যাশিয়ারের দায়িত্বে ছিলাম। প্রথম ক্যাশিয়ারও ছিল। কে টাকা পেয়েছে আর কে পায়নি, সেটি সম্পূর্ণ কমিটির বিষয়। কিন্তু আল আমিন হৃদয় এতদিন কোনো অভিযোগ না করে, কমিটির সাথে আলোচনা না করে, হঠাৎ করে আমাকে ব্যক্তিগতভাবে টার্গেট করেছে। এটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত এবং ব্যক্তিগত আক্রমণ।”

নাম প্রকাশে অনিচ্ছুক কমিটির একাধিক সদস্য জানান, কোনো অংশীদার টাকা না পেলে তিনি কমিটির বিরুদ্ধে অভিযোগ তুলতেই পারেন। কিন্তু এক বছর নীরব থাকার পর পুরো কমিটিকে পাশ কাটিয়ে শুধুমাত্র একজন সহযোগী ক্যাশিয়ারকে লক্ষ্য করে সংবাদ সম্মেলন করায় বিষয়টি নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

তাদের দাবি, এটি মূলত রাজনৈতিক ও ব্যক্তিগত উদ্দেশ্যে আবুল খায়েরকে সামাজিকভাবে প্রশ্নবিদ্ধ করার একটি অপচেষ্টা। তারা আরও বলেন, “যদি প্রকৃতপক্ষে কোনো আর্থিক জটিলতা থাকত, তাহলে কমিটির সঙ্গে বসেই সমাধানের চেষ্টা করা যেত। কিন্তু সেটি না করে গণমাধ্যমে এসে এককভাবে একজনকে দায়ী করা পরিকল্পিত নাটক ছাড়া কিছু নয়।”

এদিকে, যুবদল নেতাকে ঘিরে আল আমিন হৃদয়ের এমন বক্তব্য বক্তাবলীসহ বিভিন্ন এলাকায় ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। স্থানীয় রাজনৈতিক মহলের অনেকেই এটিকে দায়িত্বজ্ঞানহীন ও বিভ্রান্তিকর আচরণ হিসেবে দেখছেন।