রূপগঞ্জে স্বেচ্ছাসেবকদলের দুই গ্রুপের সংঘর্ষ, গোলাগুলি বাড়িঘরে হামলা ভাঙচুর লুটপাট, আহত-১৫


Saimoon Islam প্রকাশের সময় : মে ১১, ২০২৬, ৬:০৩ অপরাহ্ন / ১০০০
রূপগঞ্জে স্বেচ্ছাসেবকদলের দুই গ্রুপের সংঘর্ষ, গোলাগুলি বাড়িঘরে হামলা ভাঙচুর লুটপাট, আহত-১৫

রূপগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

 

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় স্বেচ্ছাসেবক দলের দুই গ্রুপের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

 

এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার (১১ মে) দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বরুনা এলাকায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ১০ দিন আগে ব্যাটারিচালিত অটোরিকশার সাইট দেওয়া নিয়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলামের ভাই আমিন হোসেনের সঙ্গে জেলা স্বেচ্ছাসেবক দলের সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন খাঁর মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

 

এ ঘটনায় বিল্লাল হোসেন খাঁ রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

 

সোমবার ওই বিরোধ মীমাংসার লক্ষ্যে বরুনা এলাকায় একটি বিচার সালিশ বসে। সালিশে উভয় পক্ষের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

একপর্যায়ে তর্ক-বিতর্ক শুরু হয়ে তা উত্তপ্ত অবস্থায় পৌঁছালে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

 

সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া করে এবং বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এছাড়া গোলাগুলির ঘটনাও ঘটে বলে অভিযোগ রয়েছে।

 

এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করতে থাকে।

 

সংঘর্ষে আহতদের ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

 

খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে

 

এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি থমথমে থাকলেও নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

এ বিষয়ে রফিকুল ইসলাম অভিযোগ করেন, প্রতিপক্ষ পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালিয়ে গুলিবর্ষণ ও ভাঙচুর করেছে।

 

অন্যদিকে বিল্লাল হোসেন খাঁ পাল্টা অভিযোগ করে বলেন, সালিশ চলাকালে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে।

 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন বলেন, “পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।