‘ভিডিও করায় স্বামীকে মে/রে ফে`লেছে’, অন্তঃ`সত্ত্বা স্ত্রীর আহাজারি


Saimoon Islam প্রকাশের সময় : নভেম্বর ১৮, ২০২৬, ৬:০৭ অপরাহ্ন / ১০০০
‘ভিডিও করায় স্বামীকে মে/রে ফে`লেছে’,  অন্তঃ`সত্ত্বা স্ত্রীর আহাজারি

‘আমার স্বামী নির্দোষ, সে কোনো মারামারির সঙ্গে জড়িত ছিল না। কোনো অপরাধও করেনি, শুধু ঘটনার একটু ভিডিও করছিল। ভিডিও করলে কী হয়? ভিডিও করায় আমার স্বামীকে মেরে ফেলেছে। এখন আমি এই অনাগত সন্তানকে নিয়ে কীভাবে বাঁচব?’ স্বামী হত্যার বিচার চেয়ে এভাবেই আহাজারি করছিলেন সাত মাসের অন্তঃসত্ত্বা নাহিদা ইয়াসমিন। একদিকে স্বামী হারানোর শোক, অন্যদিকে অনাগত সন্তানের ভবিষ্যৎ—সব মিলিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার টক্কারমাঠ এলাকায় বিএনপির দুপক্ষের বিরোধের জেরে হামলা ও ভাঙচুরের ভিডিও ধারণ করায় এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন থেকে বুধবার সকালে তার মৃত্যু হয়।

নিহত আবু ইউসুফ কুমিল্লার শাহরাস্তি উপজেলার মফিজুলের ছেলে। তিনি ফতুল্লার স্থানীয় একটি ডাইং কারখানায় গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন।

ঘটনার সূত্রপাত যেভাবে

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ২টার দিকে নারায়ণগঞ্জ জেলা আদালতের বাইরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পশ্চিম পাশে ইসদাইর রসুলবাগের প্রবেশমুখে সংঘর্ষের সূত্রপাত হয়। ফতুল্লা থানা কৃষক দলের সভাপতি জুয়েল আরমানসহ কয়েকজন নেতাকর্মী একটি মামলায় হাজিরা শেষে আদালত থেকে বের হয়ে অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় পাশের একটি গলিতে বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত একাধিক হত্যা মামলার আসামি দেলোয়ার ওরফে দেলুকে দেখতে পান তারা। তাকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে জুয়েল আরমানসহ কয়েকজন আহত হন।

আহতদের পক্ষের দাবি, এ হামলার পেছনে নারায়ণগঞ্জ জেলা তাঁতিদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বলের যোগসাজশ রয়েছে। তবে উজ্জ্বল এ অভিযোগ অস্বীকার করেছেন।

দুপুরের সংঘর্ষের জেরে ওই দিন রাতে ফতুল্লার টক্কারমাঠ এলাকায় দেলোয়ারের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই সময় সড়ক দিয়ে যাওয়ার পথে হামলার দৃশ্য মোবাইল ফোনে ধারণ করছিলেন গাড়িচালক আবু ইউসুফ। প্রত্যক্ষদর্শী ও পরিবারের অভিযোগ, ভিডিও ধারণ করতে দেখে হামলাকারীরা তার ওপর চড়াও হয় এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তিনি মারা যান।

ঘটনায় কৃষক দলের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে ফতুল্লা থানা কৃষক দলের সাধারণ সম্পাদক সুমন আহমেদ এশিয়া পোস্টকে বলেন, আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে আমাদের নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার শিকার হন। এতে সভাপতি জুয়েল আরমানসহ ছয়-সাতজন আহত হন। প্রতিপক্ষ আগে থেকেই লাঠিসোঁটা নিয়ে প্রস্তুত ছিল। রাতের হামলার বিষয়ে তিনি বলেন, বাড়িঘরে হামলার খবর শুনলেও ইউসুফ কার আঘাতে মারা গেছেন, সে বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।

 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, সংঘর্ষ-পরবর্তী হামলায় আহত ইউসুফ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তার মরদেহ মর্গে রাখা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী এশিয়া পোস্টকে বলেন, মঙ্গলবার দুপুরে জুয়েল আরমান ও জুয়েল হাওলাদারের পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এর জেরে রাতে জুয়েল আরমানের লোকজন জুয়েল হাওলাদারের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়।

তিনি আরও বলেন, এ সময় গাড়িচালক আবু ইউসুফ ভিডিও ধারণ করলে জুয়েল আরমানের লোকজন ক্ষিপ্ত হয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ ঘটনায় এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে মামলা নিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।