দুই দফায় এলপিজির দাম বাড়ানো কোনোভাবেই জনস্বার্থসম্মত নয়: এবি পার্টি


Saimoon Islam প্রকাশের সময় : নভেম্বর ৩, ২০২৬, ১২:৩০ অপরাহ্ন / ১০০০
দুই দফায় এলপিজির দাম বাড়ানো কোনোভাবেই জনস্বার্থসম্মত নয়: এবি পার্টি

মাত্র ২৯ দিনের ব্যবধানে দুই দফায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানোর ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

সোমবার (২ নভেম্বর) দেওয়া যৌথ বিবৃতিতে তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, মানুষের আয় ও ক্রয়ক্ষমতার সংকট এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির মধ্যে মাত্র ২৯ দিনে দুই দফায় এলপিজির দাম বাড়ানো কোনোভাবেই জনস্বার্থসম্মত নয়। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণের ফলে সরাসরি চাপে পড়বে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো। রান্নার খরচ বাড়ার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসা, হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন খাতের ব্যয়ও বাড়বে। শেষ পর্যন্ত এই বাড়তি ব্যয়ের বোঝা বহন করতে হবে সাধারণ ভোক্তাদেরই।

নেতারা বলেন, আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে বারবার জ্বালানির দাম বাড়ানো হলেও দেশের মানুষের আয়, ক্রয়ক্ষমতা ও জীবনযাত্রার বাস্তবতা বিবেচনায় নেওয়া হচ্ছে না। রাষ্ট্রের নীতিনির্ধারণের কেন্দ্রে থাকার কথা জনগণের স্বার্থ অথচ মূল্যবৃদ্ধির প্রতিটি সিদ্ধান্তের দায় সাধারণ মানুষের ওপর চাপানো হচ্ছে। জনগণকে স্বস্তি দেওয়ার পরিবর্তে তাদের জীবনযাত্রাকে আরও ব্যয়বহুল করে তোলা কোনো দায়িত্বশীল অর্থনৈতিক নীতি হতে পারে না।