আমি আপনাদের নেতা না, সেবক হতে চাই — বারী ভূঁইয়া


Saimoon Islam প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০২৫, ১০:২৬ অপরাহ্ন / ১০০০
আমি আপনাদের নেতা না, সেবক হতে চাই — বারী ভূঁইয়া

আমি আপনাদের নেতা না, সেবক হতে চাই বলে মন্তব্য করেছেন ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এড. বারী ভূঁইয়া।

২৫ অক্টোবর (শনিবার) ফতুল্লার ইসদাইরে ৩১ দফার লিফলেট বিতরণ কালে এই মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি আরো বলেন,

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ২০২৩ সালেই যে ৩১ দফা ঘোষণা করেছিলেন, সেটিই এখন দলের সকল নেতাকর্মীর আন্দোলন ও আগামীর বাংলাদেশের রূপরেখার মূল ভিত্তি হয়ে উঠেছে। এই ৩১ দফার মধ্যে শিক্ষা ব্যবস্থা, ভোটাধিকার, ন্যায়বিচার, নারীর অধিকার, গণমাধ্যমের স্বাধীনতা, দুর্নীতি দমন এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া আছে।

বারী ভূঁইয়া আরও বলেন, “আমরা বিএনপি’র পক্ষ থেকে এই দফাগুলো নিয়ে ঘরে ঘরে যাচ্ছি। জনগণকে জানাচ্ছি, এই ৩১ দফা বাস্তবায়িত হলে বাংলাদেশে আর কখনো ভোটারবিহীন নির্বাচন হবে না। গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, জনগণ তাদের ভোটের অধিকার ফিরে পাবে।”

তিনি বলেন, “তারেক রহমান এমন একটি বাংলাদেশ গড়তে চান যেখানে মানুষের ভোট, মত ও অধিকার থাকবে। তিনি বলেছেন— যারা সত্যিকার অর্থে জনগণের জন্য কাজ করতে চায়, যাদের নামে কোনো বিতর্ক নেই, তারাই মনোনয়নের যোগ্য। দলীয় মনোনয়ন কোনো ব্যবসা নয়, এটি জনগণের সেবা করার দায়িত্ব।”

বারী ভূঁইয়া আরও বলেন, “আমি ৩৪ বছরের রাজনৈতিক ও কর্মজীবনে কখনো কোনো কলঙ্কের দাগ লাগতে দিইনি। আমি আপনাদের নেতা হতে চাই না, সেবক হতে চাই। আমাকে যদি দল মনোনয়ন দেয়, তবে নারায়ণগঞ্জ-৪ আসনকে একটি মডেল আসন হিসেবে গড়ে তুলব, যা অন্য আসনগুলোর জন্য দৃষ্টান্ত হবে।”

তিনি জোর দিয়ে বলেন, “দল যাকে মনোনয়ন দিবে, আমি সহ সকলেই তার পক্ষেই কাজ করব। বিএনপি একটি গণতান্ত্রিক দল, আর গণতান্ত্রিক রাষ্ট্রে ও দলে ভিন্ন মত থাকতে পারে, কিন্তু লক্ষ্য একটাই— জনগণের অধিকার ফিরিয়ে আনা।”

সভায় উপস্থিত স্থানীয় নেতাকর্মীরাও বারী ভূঁইয়ার বক্তব্যে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং বলেন, এমন নিবেদিতপ্রাণ ও কলঙ্কমুক্ত রাজনীতিকের নেতৃত্বে দল আরও শক্তিশালী হবে।